২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকিদের প্রতি যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন সাদ্দাম

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই প্রথমবারের মতো বিচার চলাকালে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করে দখলদার মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইরাকি জনগণে প্রতি আহ্বান জানালেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 02:54 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিচার চলাকালে বুধবার প্রধান বিচারক ক্রোধোন্মত্ত সাদ্দামকে বক্তব্য প্রদানে বাধা দেন এবং সকল টিভি ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন।

কালো পোশাক পরিহিত সাদ্দাম হোসেন আদালতে হাজির হন। প্রধান বিচারপতি রউফ আব্দেল রহমান সাদ্দামকে ১৯৮০ সালে ১৪৮ জন ইরাকি শিয়াকে হত্যার মূল অপরাধী বলে চিহ্নিত করলে সাদ্দাম বারবার ক্রোধে ফেটে পড়ে প্রতিবাদ জানান।

এরপর সাদ্দাম হোসেন আদালতে তার লিখিত বক্তব্য পাঠ করে শোনান। ‘আমার সাহসী সব ইরাকি জনতা’ বলে শুরু করা বক্তব্যে সাদ্দাম প্রথমেই শিয়া--সুন্নি সহিংসতায় নিজের দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি সমস্ত ইরাকিকে হানাহানি বন্ধ করে ঐক্যবদ্ধ হয়ে দখলদার মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সাদ্দাম দৃপ্ত কণ্ঠে বলেন, তোমরা দখলদার মার্কিন বাহিনী ও ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছ সে যুদ্ধ তোমাদের মহৎ করেছে। আমার চোখে তোমরা এখনও সেই মহৎ যোদ্ধাই হয়ে আছ। তোমরা যুদ্ধ চালিয়ে যাও, আমাদের বিজয়ের সূর্য উদিত হবেই।