২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবিত বা মৃত কোনও বাংলাদেশীকে ধরিয়ে দিলেই তিন হাজার রুপি

বাংলাদেশ--ভারত সীমান্ত সংলগ্ন মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া পার্বত্য জেলার বেশকিছু গ্রামের গোত্রপ্রধান অনুপ্রবেশকারী বাংলাদেশীদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ঘোষণায় জানানো হয়, জীবিত বা মৃত কোনও বাংলাদেশীকে ধরিয়ে দেওয়ার জন্যে সাহসী (!) ব্যক্তিকে তিন হাজার রুপি পুরস্কার দেওয়া হবে। বিভিন্ন বার্তাসংস্থার সূত্রে এ তথ্য জানা যায়।

আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন নংস্কেন গ্রামের গোত্রপ্রধান ফ্যানাং খংসডিয়ের বার্তাসংস্থাকে বলেন, যেসব স্বেচ্ছাসেবী যুবকরা আমাদের বাগান পাহারা দেয় এবং সীমান্তের ওপার থেকে আসা লুটেরাদের হাত থেকে আমাদের ফসল রক্ষা করে তাদের মনোবল বাড়াতে আমরা এ পুরস্কার ঘোষণা করেছি।

নংস্কেনের মতোই নংজিরি ও উমনুই গ্রামও সীমান্তসংলগ্ন। গ্রামগুলো খাসিয়া অধু্যুষিত। খাসিয়ারা সীমান্ত সংলগ্ন ২০ কিমি এলাকার উর্বর জমিতে প্রচুর পরিমাণে কমলা, পানসুপারি, লতাগুল্মের পাতা ও অন্যান্য ফসল ফলিয়ে থাকে।

গত কয়েক মাস ধরেই উৎপাদিত ফসলের একটা বিরাট অংশ খোয়া যাচ্ছে গ্রামবাসীদের। সীমান্ত সংলগ্ন আদিবাসীদের অভিযোগ, সীমান্তের অপর্যাপ্ত পাহারার ফাঁক গলে বাংলাদেশের অনুুপ্রবেশকারীরা সেখানে ঢুকে পড়ে তাদের এ সর্বনাশ করে যাচ্ছে।

গোত্রপ্রধান ফ্যানাং খংসডিয়ের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা জানায়, ধারালো অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশীরা ১০ থেকে ২০ জন দল বেঁধে সেখানে প্রবেশ করে। তারা শুধু লুটই করে না, লোকজনকেও হত্যা করে। জমি, ফসল ও লোকজনের জীবন রক্ষার প্রয়োজনে দেরিতে হলেও আমাদের কিছু বৈধ অস্ত্র সরবরাহ করা হয়েছে।

বাংলাদেশ--ভারত সীমান্তের মেঘালয় এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যাপ্ত লোকবল নেই। এছাড়া ভূখণ্ডগত কারণে এবং সীমান্তফাঁড়ি দূরে হওয়ায় পাহারা সংক্রান্ত সমস্যা রয়েছে। ফলে এ সীমান্ত দিয়ে অপরাধীদের অনুপ্রবেশ ও লুটতরাজ চালানোর সুবিধা হয় বলেও বার্তাসংস্থাগুলো এলাকাবাসীর বরাত দিয়ে উল্লেখ করে।

সংশ্লিষ্ট এলাাকার পুলিশ সুপারিনটেনডেন্ট এআর মাওটোহ বার্তাসংস্থাকে বলেন, সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশ থেকে এখানে এসে লুটপাট চালানো হয় বলে আমরা প্রায়ই অভিযোগ পাই।