২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটাহ রাজ্যের শ্যানন বাব সেরা ‘হাইস্কুল বিজ্ঞানী’ নির্বাচিত

মানুষের প্রাত্যহিক আচরণ পরিবর্তন ও পরিবেশের উন্নয়নের মাধ্যমে কিভাবে পানির গুণাগুণ অক্ষুন্ন রাখা যায়-তার উপর গবেষণার জন্য ইউটাহ রাজ্যের ‘আমেরিকান ফর্ক হাইস্কুলে’র ছাত্রী শ্যানন বাব এবারের  ইন্টেল সায়েন্স ট্যালেন্ট সার্চে’ সেরা বিজ্ঞানীর পুরষ্কার লাভ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

পুরষ্কার হিসেবে শ্যানন বাব এক লক্ষ মার্কিন ডলারের কলেজ স্কলারশীপ পেয়েছেন। ১৮ বছর বয়স্কা শ্যানন তার গবেষণায় দেখিয়েছেন কিভাবে নদীর তীর বাঁধাই করে সেখানে গাছপালা লাগিয়ে পানির দূষণ কমানো যায় এবং গৃহস্থালীর রাসায়নিক ব্যবহার্য্য সম্পর্কে জনগণকে সচেতন করে তুলে কিভাবে পানির মৌলিক ও যৌগিক গুণাগুণ অক্ষুন্ন রাখা যায়।

এই বিজ্ঞান প্রতিযোগিতার ৬৫ বছরের ইতিহাসে, বিজয়ীদের শতাধিকেরও বেশি বিজ্ঞানী পৃথিবীর বিজ্ঞান যাত্রায় অগ্রগণ্য ভূমিকা রাখবার জন্য বড় বড় সম্মানে ভূষিত হয়েছেন। এদের মধ্যে ছয়জন বিজ্ঞানী নোবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার হার্কার স্কুলের ১৭ বছর বয়সী ইয়াই সান দ্বিতীয় হবার গৌরব অর্জন করে। তৃতীয় হয়েছে রকভিলের মন্টোগোমারী স্কুলের ইউয়ান জ্যাঙ নামক আরেক ১৭ বছর বয়সী ছাত্রী। পুরষ্কার হিসেবে তারা যথাক্রমে ৭০ হাজার ও ৫০ হাজার মার্কিন ডলারের স্কলারশীপ পেয়েছে।

১৬০০ ছাত্র-ছাত্রীর অংশগ্রহনের এই প্রতিযোগিতায় আরও ৩৬জন ছাত্র-ছাত্রীকে পাঁচ হাজার থেকে ২৫ হাজার মার্কিন ডলারের স্কলারশীপ প্রদান করা হয়েছে।