২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সিনাওয়াত্রা’র পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করেছে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা’র পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী সেদেশের প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 09:37 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মন্ত্রিসভার বৈঠকের আগে বিক্ষোভকারীরা এই কর্মসূচী গ্রহণ করে। বিক্ষোভকারীদের কর্মসূচী সহিংসতায় রূপ লাভ করার আশঙ্কায় ব্যাংককের পুলিশ বাহিনীকে সতর্কবস্থায় রাখা হয়েছে।

ব্যাংককের দক্ষিণাঞ্চলে বিদ্রোহ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং গণমাধ্যমগুলোর উপর থাকসিনের নিয়ন্ত্রণের কারণে তিনি চাপের মুখে রয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে আগামী মাসে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন।

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য ২০ হাজার পুলিশ কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে।

১৯৯২ সালে সামরিক শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দানকারী জেনারেল চ্যামলং শ্রীমং জানান, মঙ্গলবারের বিক্ষোভ শান্তিপূর্ণ হবে।

থাকসিন বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলে রয়েছেন। তিনি ভিডিও-লিঙ্কের মাধ্যমে মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন।

বিক্ষোভকারীরা সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে থাকসিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে এবং তার পদত্যাগের আগ মূহুর্ত পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত  করেছে।