কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৩, লক্ষ্য ছিল সাবেক প্রেসিডেন্ট
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট সিবঘাতুল্লাহ মোজাদ্দেদির গাড়ি বহরের পাশেই এক গাড়ি বোমা বিস্ফোরণে দুই আত্মঘাতী হামলাকারী ও একজন পথচারী নিহত হয়েছে এবং আরও চারজন আহত হয়েছে।
সিবঘাতুল্লাহ মোজাদ্দেদি বর্তমান আফগান সরকার ও তালেবান জঙ্গিদের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি হামিদ কারজাইয়ের ঘনিষ্টভাজন এবং মধ্যস্থতাকারী কমিশনের প্রধান।
আফগান পুলিশ জানায়, মোজাদ্দেদি ও তার বহরের কেউ হতাহত হয়নি। তবে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক প্রেসিডেন্টে যে গাড়িতে ছিলেন সেটির এক পাশের জানালার কাচ বোমার আঘাতে ভেঙে গেছে।
সাবেক প্রেসিডেন্টের এক সহযোগী জানান, মোজাদ্দেদির বিরুদ্ধে এটি মারাত্মক এক ষড়যন্ত্র। তবে তিনি ভালো আছেন।
সাবেক প্রেসিডেন্ট মোজাদ্দেদি বর্তমানে আফগান পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রধান।
