চিলির প্রথম মহিলা প্রেসিডেন্টের শপথ গ্রহণ
চিলির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে মিচেল ব্যাচলেট শপথ গ্রহণ করেছেন। মিচেল ব্যাচলেট (৫৪) জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সুস্পষ্ট ব্যবধানে জয়লাভ করেন।
চিলির সমুদ্র উপকূলবর্তী শহর ভ্যালপারেইসো’তে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর মিচেল উপস্থিত সবার উদ্ধেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস মিচেল’র এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ভ্যালপারেইসে’র পার্লামেন্ট ভবনে উপস্থিত সবার করতালি ও হর্ষধ্বনির মধ্য দিয়ে মিচেল ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। এর আগে তিনি চিলির প্রাক্তন প্রেসিডেন্ট রিকার্ডো লাগোসের সাথে আলিঙ্গন করেন। ২৪টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চিলির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে মিচেলকে অভিনন্দন জানান। রাইস মার্কিন-বিদ্বেষী বলিভিয়ান প্রেসিডেন্ট ইভো মোরালেসকেও অভিনন্দন জানান।
মিচেল হলেন সমগ্র ল্যাটিন আমেরিকার সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত তৃতীয় মহিলা প্রেসিডেন্ট যিনি আগামী চার বছরের জন্য চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। পূর্ববর্তী প্রেসিডেন্ট রিকার্ডো লাগোস ও চিলির একজন জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন।
চিলির প্রাক্তন সামরিক জান্তা কর্তৃক নির্যাতনের শিকার ও কারাবরণকারী মিচেল ব্যাচলেট একটি নিরপেক্ষ ও সহনশীল চিলি গড়ার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য মিচেলের মন্ত্রিসভার অর্ধেক মন্ত্রীই মহিলা।
