ফিলিস্তিন সরকারকে আর্থিক ও রাজনৈতিক সহযোগিতার ব্যাপারে সৌদি প্রতিশ্র“তি
মার্কিন যুক্তরাষ্ট্র্র এবং ইউরোপীয়ান নেতৃবৃন্দ ফিলিস্তিন সরকারকে সাহায্য-সহযোগিতা না করার হুমকি প্রদান সত্ত্বেও সৌদি সরকার তাদেরকে সাহায্যের ব্যাপারে ব্যাপক সমর্থন দিয়েছে বলে হামাস দাবি করেছে।
ফিলিস্তিন সরকার গঠনে সৌদি আরবের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য হামাস নেতৃবৃন্দ রিয়াদ সফর করেছেন।
ফিলিস্তিন কর্তৃপক্ষকে সাহায্য করার ক্ষেত্রে সৌদি আরব একটি বড় ধরনের অর্থনৈতিক সমর্থনকারী দেশ। খবর বিভিন্ন বার্তা সংস্থার। হামাস নেতৃবৃন্দের সফরের পর সৌদি সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য অবশ্য পাওয়া যায়নি।
হামাসের নির্বাসিত নেতা খালেদ মেসালসহ পাঁচ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি সৌদির পররাষ্ট্রমন্ত্রী সাদ আল-ফয়সল এবং সৌদির গোয়েন্দা সংস্থার প্রধান যুবরাজ মুকরিন বিন আব্দুল-আজিজ’র সাথে সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলের সদস্য ইজ্জত আল-রেশেখ বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং ফিলিস্তিন জনগণের জন্য সৌদি সরকার সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছে। এ আগে ইসরাইলে হামলার কারণে হামাসকে বিচ্ছিন্ন করার মার্কিন আহবান সৌদি আরব প্রত্যাখ্যান করেছে।
যুবরাজ ফয়সাল জানান, আমরা আশা করবো হামাস নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিন জনগণের আশা-আকাঙ্খার প্রতিনিধিত্ব করবে এবং আমরা অপেক্ষা করছি এই সরকার ফিলিস্তিন আন্দোলনে কি ধরনের নেতৃত্ব দান করে তা দেখার জন্য।
ফিলিস্তিন যদি সহিংসতা পরিহার এবং ইসলাইলকে স্বীকৃতি না দেয় তাহলে হামাস নেতৃত্বাধীন সরকারকে কোন ধরনের সাহায্য-সহযোগিতা করবে না বলে ইউরোপীয়ান নেতৃবৃন্দ শুক্রবার আবারও সতর্ক বাণী উচ্চারণ করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সম্প্রতি মধ্যপ্রাচ্যে তার এক সফরের মাধ্যমে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোকে হামাস প্রভাবিত ফিলিস্তিন সরকারকে সাহায্য-সহযোগিতা বন্ধ করার প্রচেষ্টা চালান।
