সৌদি সমর্থন আদায়ে হামাস নেতৃবৃন্দ রিয়াদে
ফিলিস্তিন সরকার গঠনে সৌদি আরবের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য হামাস নেতৃবৃন্দ রিয়াদে পৌঁছেছেন।
১৯৯৮ সালের পর এটাই হচ্ছে হামাসের প্রথম আনুষ্ঠানিক সফর। পাঁচ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেসাল।
ফিলিস্তিন কর্তৃপক্ষকে সাহায্য করার ক্ষেত্রে সৌদি আরব একটি বড় ধরনের অর্থনৈতিক সমর্থনকারী দেশ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইসরাইলে হামলার কারণে হামাসকে বিচ্ছিন্ন করার মার্কিন আহবান সৌদি আরব প্রত্যাখ্যান করেছে।
হামাসের অপর এক নির্বাসিত নেতা মোহাম্মদ নাজাল এই সফরের আগে বলেন, ফিলিস্তিনি জনগণকে সব সময় সাহায্য করার জন্য হামাস সৌদি সরকারের প্রশংসা করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সম্প্রতি তার এক সফরের মাধ্যমে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোকে হামাস প্রভাবিত ফিলিস্তিন সরকারকে সাহায্য-সহযোগিতা না করার এক প্রচেষ্টা চালান।
ফিলিস্তিন যদি সহিংসতা পরিহার এবং ইসলাইলকে স্বীকৃতি না দেয় তাহলে হামাস নেতৃত্বাধীন সরকারকে কোন ধরনের সাহায্য-সহযোগিতা করবে না বলে ইউরোপীয়ান নেতৃবৃন্দ শুক্রবার আবারও সতর্ক বাণী উচ্চারণ করেন।
