বুশ বুধবার ভারতে এসে পৌঁছছেন
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁর চারদিনব্যাপী দক্ষিণ এশিয়া সফরের শুরুতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত সফরে আসছেন।
উভয়পক্ষ আশা করছে এ সফরের ফলে দু’ দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে।
দক্ষিণ এশিয়ায় চার দিনের সফরের প্রাক্কালে মঙ্গলবার তিনি বলেন,পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন,সফরকালে বেসামরিক আণবিক সহযোগিতা এবং বাণিজ্য বিষয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হবে। দক্ষিন এশিয়া সফরের শেষ দিন তিনি পাকিস্তান যাবেন।
বুশ বলেন, তিনি এই সফর শেষ করার আগে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে স্মরণ করিয়ে দেবেন যে, তার দেশ ও যুক্তরাষ্ট্র একই শত্রু সন্ত্রাসী নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে লড়ছে।
এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে একযোগে কাজ করায় পারভেজ মোশাররফকে আভ্যন্তরীন রাজনৈতিক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। তিনি অবশ্য বলেন, পাকিস্তানের নেতা সুবিবেচনার পরিচয় দেবেন।
দক্ষিণ এশিয়া সফর শেষে বুশ আগামী রবিবার দেশে ফিরে যাবেন।
