বাগদাদে মর্টার হামলায় ১৬ জন নিহত
বাগদাদের দক্ষিণাঞ্চলের শহর দৌরার কয়েকটি আবাসিক এলাকায় এবং পরে একটি ফলবাজারে বেশ কয়েক দফা মর্টার হামলায় কমপক্ষে ১৬ জন ইরাকি নিহত হয়েছে। এদিকে ইরাকের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় আরও সাতজন নিহত হয়েছে।
ইরাকের পুলিশ সূত্র জানায়, শিয়া অধ্যুষিত দৌরা এলাকায় মোট আটটি মর্টার হামলা চালানো হয়। বুধবারে শিয়া-সুন্নী সম্প্রদায়ের জাতিগত সহিংস হামলায় কমপক্ষে ১৬৫ জন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই মর্টার হামলা চালানো হল।
শিয়া-সুন্নী জাতিগত সহিংসতা নিরসনে সম্ভব সবকিছু করতে সুন্নী রাজনৈতিক এবং মিলিশিয়া নেতৃবৃন্দ বৈঠকে একমত হন।
বসরার দক্ষিণাঞ্চলের একটি শহরে রোববার এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু বোমাটি একটি ভবনের শৌচাগারে বিস্ফোরণের কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
