ইরাকের সহিংসতা নিরসনে শিয়া-সুন্নী নেতৃবৃন্দের বৈঠক
ইরাকে শিয়াদের অন্যতম প্রধান মিলিশিয়া দল মোকতাদা আল-সদরের অনুগতরা সুন্নী এসোসিয়েশন অব মুসলিম নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হয়ে সামারায় শিয়াদের আসকারিয়া মসজিদে হামলার ফলে যে সহিংসতার সৃষ্টি হয়েছে তা নিরসনের উপায় নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সহিংসতা রোধে সকল নেতৃবৃন্দকে পরিস্থিতি শান্ত রেখে ঐক্যের সরকারের সাথে একযোগে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গত বুধবার থেকে জাতিগত সহিংসতায় ইরাকে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়। বাগদাদের উত্তরে বাকুবায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১২ জন শিয়া পরিবারের সদস্য।
শিয়া মিলিশিয়াদের বন্দুকযুদ্ধের পর দক্ষিণ বাগদাদ থেকে ১৪ ইরাকি কমান্ডোসের লাশ উদ্ধার করা হয়। কারবালায় গাড়ি বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়।
ইরাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি মার্কিন সামরিক রিপোর্টের সমালোচনা করেছেন যাতে বলা হয়েছে, ইরাকের একটি সেনা ব্যাটালিয়ন মার্কিন সাহার্য ছাড়াই সহিংসতা দমনে সক্ষম।
