ইরাকে জাতিগত সহিংসতা এড়াতে সান্ধ্য-আইনের সময়সীমা বৃদ্ধি
ইরাক সরকার সেদেশে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ এড়াতে বাগদাদসহ কয়েকটি জায়গায় জারি করা সান্ধ্য-আইনের সময়সীমা বৃদ্ধি করেছে।
ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি জানান, বর্তমান সময়ে আমাদের দেশ সংকটকালীন সময় অতিবাহিত করছে।
সামারার আল-আসকারি মসজিদে বুধবার শিয়াদের বোমা হামলায় কমপক্ষে ১৩০ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই সুন্নী। এই ঘটনার পর আরও সহিংসতার আশঙ্কায় এই সান্ধ্য-আইন জারি করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহবান জানিয়ে বলেন, এটি ইরাকি জনগণের জন্য সঠিক পন্থা বেছে নেয়ার সময়।
ইরাকে বোমা হামলা এবং এর পাল্টা প্রতিশোধ দেশটিকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাক সরকার বাগদাদ এবং এর তিনটি প্রদেশ দিয়ালা, বাবিল ও সালেহুদ্দিনে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পুনরায় সান্ধ্য-আইন জারি করেছে।
শুক্রবারে সান্ধ্য-আইন চলাকালে মনে হচ্ছিল সহিংসতা কিছুটা হ্রাস পেয়েছে। তবে অল্প কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোন বড় ধরনের ঘটনা ঘটেনি।
বাগদাদের রাস্তাগুলো প্রায় ফাঁকা ছিল। শুধুমাত্র শুক্রবারের জুম্মা’র নামাজ আদায়ের জন্য পার্শ্ববর্তী মসজিদে মুসলমানদের পায়ে হেঁটে যেতে দেখা যায়।
