২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শান্তি চুক্তি করতে শ্রীলংকার সরকার ও বিদ্রোহী গ্রুপ তামিলরা সম্মত

শ্রীলংকার সরকার ও বিদ্রোহী তামিল টাইগার গ্রুপ আরো চার বছরের জন্য শান্তি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। জেনেভায় অনুষ্ঠিত দুই দিনের শান্তি আলোচনা শেষে তারা এই ঘোষনা দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

২০০৩ সালের পর গত বুধবার ও বৃহস্পতিবারের শ্রীলংকা সরকার ও তামিল টাইগার প্রথম কোন শান্তি আলোচনায় অংশগ্রহণ করলো।

উভয় পক্ষ যে কোন প্রকার জনযুদ্ধ প্রতিহত করতে এপ্রিলে আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে। শান্তি আলোচনা শেষে এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং যুদ্ধ বিরতি মেনে চলবে। তারা সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্যও সম্মত হন।

মধ্যস্থতাকারী নরওয়ের উন্নয়ন বিষয়ক মন্ত্রী এরিক সোলহেইম বলেন, এবারের আলোচনা ফলপ্রসু হয়েছে। তিনি জানান, উভয় পক্ষ যে কোন প্রকার সহিংসতার পথ এড়িয়ে চলার অঙ্গিকার করেছে।

গত ২৫ জানুয়ারি উভয় পক্ষ আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়। তবে বিশ্লেষকরা ধারনা করছেন, কোন কারণে এই শান্তি প্রক্রিয়া ব্যাহত হলে দেশটি আবারো গৃহযুদ্ধে পতিত হবে।