স্তন পরীক্ষা জীবন রক্ষাকারী হতে পারে
স্তনের ক্যান্সার প্রতিরোধে নিয়োজিত ‘এনএইচএস ক্যান্সার নিরীক্ষণ কর্মসূচির’ কল্যাণে প্রতিবছর ১৪০০ জন মহিলা স্তনের ক্যান্সারে মৃত্যুবরণের হাত থেকে রক্ষা পাচ্ছেন বলে স্তনের ক্যান্সার বিশেষজ্ঞ একটি দল জানিয়েছেন।
এনএইচএস স্তন ক্যান্সার নিরীক্ষণ কর্মসূচির অধীনে পঞ্চাশোর্ধ নারীদের প্রতি তিন বছরে একবার করে স্তনের ক্যান্সারে আক্রান্ত কি-না তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ১৯৮৮ সালে কর্মসূচি চালু করার পর থেকে এ পর্যন্ত যাবতীয় তথ্য ও পরিসংখ্যানে দেখা গেছে যে, কর্মসূচির কল্যাণে অনেক মহিলার স্তনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় মৃত্যুর হার একতৃতীয়াংশ কমে গেছে।
কমিটির রিপোর্টে বলা হয় যে, তাদের এই কার্যক্রম খুবই সফলভাবে স্তনের ক্যান্সারে মৃত্যুর হার কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
২০০৩-৪ সালে ১৫ লক্ষ মহিলার স্তনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং এদের মধ্যে ১১,০০০ জনের স্তনের ক্যান্সার রোগ ধরা পড়ে।
১৯৮৮ সালে এই কর্মসূচি শুরু করার সময় স্তনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার যে প্রবনতা ছিল এমন স্তনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবনতা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্তনের ক্যান্সার প্রতিরোধের এ কর্মসূচি অনেক ক্ষেত্রে সমালোচনার মুখোমুখিও হয়েছে। বেশকিছু ক্ষেত্রে স্তনের পরীক্ষা-নিরীক্ষার সময় শরীরের অক্ষতিকর টিউমারগুলো চিহ্নিত হয়ে যাওয়ায় বয়স্কা নারীদের অপ্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেকের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অপারেশনের ঘটনাও ঘটেছে।
কর্মসূচির চেয়ারম্যান ও ইংল্যান্ডের ক্যান্সার গবেষণা কেন্দ্রের এপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ভ্যালেরি বেরাল বলেছেন, এই কর্মসূচির কল্যাণে অনেক মহিলা নতুন জীবন পেয়েছেন।
