২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের ১টি নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ২৫ মিলিয়ন পাউন্ড ডাকাতি

পুলিশের ছদ্মবেশে একদল দুর্ধর্ষ ডাকাত সিকিউরিটাস নামক একটি নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে ব্যাংক অব ইংল্যান্ড-এর ২৫ মিলিয়ন পাউন্ড লুট করেছে, যা এযাবৎকালে ইংল্যান্ডের আলোচিত ডাকাতি ঘটনার মধ্যে একটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বের কেন্ট শহরে অবস্থিত সিকিউরিটাস নামক একটি বৃহৎ নিরাপত্তা প্রদানকারী বেসরকারী প্রতিষ্ঠানের ২৫ মিলিয়ন পাউন্ড লুট করে পালিয়ে যাওয়ার আগে ছয় জন সশস্ত্র ডাকাত কোম্পানিটির এক ডিপো ম্যানেজার ও তার পরিবারের সদস্যদের অপহরণ করে। এরপর ম্যানেজারকে নিয়ে ডিপোতে কর্মরত লোকদের বেঁধে তারা ২৫ মিলিয়ন পাউন্ড ছিনিয়ে নিয়ে যায়।

ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক ’দি ব্যাংক অব ইংল্যান্ড’ বলেছে, সিকিউরিটাস কোম্পানিটি ইতিমধ্যে তাদেরকে ২৫ মিলিয়ন পাউন্ড ফেরত দিয়েছে। ব্যাংকের গভর্ণর মার্ভিনকিং জানান, লুটকৃত টাকার পরিমান ৪০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তদন্তের পর সিকিউরিটাস কোম্পানি বাকি অর্থও ব্যাংক অব ইংল্যান্ডকে ফেরত দেবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ডিসেম্বর মাসে নর্দান আইল্যান্ডের বেলফাস্টের নর্দান ব্যাংক থেকে একদল ডাকাত ২৬.৫ মিলিয়ন পাউন্ড লুট করে নিয়ে যায়।

৪০ মিলিয়ন পাউন্ডের এই ডাকাতি প্রমাণিত হলে এটিই হবে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ লুটের ঘটনা।