২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার দাঙ্গায় ২৭ জন নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চল শহর ওনিটশায় মুসলমান ও খ্রীস্টানদের মধ্যে দ্বিতীয় দিনের সহিংস দাঙ্গায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 09:59 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সশস্ত্র দাঙ্গাবাজরা শহরে ভাংচুর করে এবং মুসলমানদের উপর আক্রমণ করে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বুধবারের দাঙ্গায় কয়েকজন খ্রীস্টান নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের উপর এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওনিটশার রাস্তায় রাস্তায় মুসলমানদের মৃতদেহ পড়ে রয়েছে এবং হাজার হাজার মুসলমান শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভে নাইজেরিয়ার চারটি শহরে বহু লোকের মৃত্যু হয়েছে।

বুধবার সশস্ত্র খ্রীস্টান নাইজেরীয়রা দ্বিতীয় দিনের মতো ওনিটশা শহর তছনছ করে এবং হাউসা সম্প্রদায়ের মুসলমান সদস্যদের উপর হামলা চালায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, মুসলমানরা শহর থেকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার পথে সশস্ত্র খ্রীস্টানরা তাদেরকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে হত্যা করে।

নাইজেরিয়ার কর্তৃপক্ষ জানায়, হাউসা সম্প্রদায়ের অনেক মুসলমানরা পুলিশ এবং সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে আশ্রয় নিয়েছে।

পুলিশ জানায়, শহরে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কার্ফ্যু জারি করা হয়েছে।

ওনিটশার পার্শ্ববর্তী শহরগুলোতেও দাঙ্গা ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।