২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ভূমিধস, কয়েকশ’ লোকের প্রাণহানির আশঙ্কা

ফিলিপাইনে শুক্রবার আকস্মিক এক ভূমিধসে কয়েকশ’ লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে ভূমি ধসের ফলে ঘড়বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় একটি প্রাথমিক বিদ্যালয়ও সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে শতাধিক শিশু আটকা পড়েছে।

স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্তির্ন কৃষি জমি কাদা মাটিতে পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে শুধুমাত্র নারকেল গাছের মাথা এবং কিছু ঘর বাড়ির ছাদের অংশ বিশেষ বের হয়ে আছে।

সেতু ও কালভার্টগুলো ভেঙ্গে পড়ায় যোগাযোগ ব্যাবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে।

সেনাবাহিনীর ত্রাণকার্যের দায়িত্বপ্রাপ্ত কর্নেল রাউল ফ্রাংকো বলেন ‘ভূমি ধসের ফলে কমপক্ষে ২৫০০ লোক মাটির নিচে চাপা পড়েছে।

তিনি বলেন, গুনিসাগুন থেকে ১৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ এলাকায় একটি পাহাড়ের শীর্ষে বসবাসরত তিন থেকে চার হাজার লোক বাস করে। শুক্রবার এখানে মৃদু ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফিলিপাইন রেডক্রসের প্রধান এবং সিনেটর রিচার্ড গর্ডন একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলেন, এ ঘটনায় কমপক্ষে ২০০ গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং প্রায় দেড় হাজার লোক নিখোঁজ রয়েছে।

ফিলিপাইন রাষ্ট্রপতি গ্লোরিয়া ম্যাকাপাগল অ্যারোয়া বলেন, উদ্ধার কাজ চলছে। নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সদস্যরা উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও তিনি জানান।

দক্ষিণ লিয়েটের গর্ভণর রোসেট ল্যারিয়াস বলেন, আমি সেখানে কোনও ঘরবাড়ি দেখিনি। শুধু কাদা মাটি। ওহ ঈশ্বর! এটা সত্যিই হৃদয় বিদারক।

এ ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ডিডিটা জানান, আমি একটা কাঁপুনি ও বাতাসের একটা ঝাকুনি অনুভব করলাম। আমার শিশুসহ অন্য শিশুরা মুহূর্তেই হারিয়ে গেল। তারা সম্ভবত মাটির নিচে চাপা পড়েছে।

ফিলিপাইনে প্রতিবছর অন্তত ২০টি টাইফুন হয়ে থাকে। ২০০৪ সালে কয়েক দফা ঝড়ে সেখানে প্রায় ১৮০০ লোকের মৃত্যু ঘটে।

লিয়েট দ্বীপ সাম্প্রতিক কালে দেশটির সবচে’ দুর্যোগ প্রবন এলাকা। ১৯৯১ সালে সেখানে টাইফুন ও বন্যায় কমপক্ষে পাঁচ হাজার লোকের প্রাণহানি ঘটে।

কংগ্রেসম্যান রজার মারকেডো বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণে গ্রামবাসীদের এলাকা ছাড়ার জন্যে বলা হয়েছিল।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেন, শুক্রবারের ভূমিকম্প খুব বেশি শক্তিশালী ছিল না।

তারা বলেন, ভূমিকম্পের আগেই ভূমি ধসের ঘটনা ঘটে।

প্রচুর বৃষ্টিপাতের কারণে গত সপ্তাহেই ওই অঞ্চলে ভূমিধসে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়।