ইসরাইলের প্রেসিডেন্ট হামাসকে সতর্ক করে দিয়েছেন
ইসরাইলী প্রেসিডেন্ট মোসে কাটসাভ ফিলিস্তিনি নির্বাচনে বিজয়ী হামাস দলকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, ইসরাইল হামাসের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড মেনে নেবে না।
গ্রীসের প্রেসিডেন্ট কার্লস প্যপোলিয়াস এর সাথে আলোচনা শেষে এথেন্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরাইলী প্রেসিডেন্ট কাটসাভ আশঙ্কা প্রকাশ করে বলেন যে, সন্ত্রাসী দল হামাসের নির্বাচনে বিজয়ী হবার ফলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া একযুগ পিছিয়ে পড়তে পারে।
হামাসকে সতর্ক করে দিয়ে কাটসাভ আরও বলেন, হামাস ইসরাইলের অস্তিত্ব স্বীকার করে নিয়ে সমস্ত সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করবার পরই হামাসের সাথে ইসরাইল প্রশাসন আলোচনায় বসবে।
প্রেসিডেন্ট কাটসাভ বর্তমানে গ্রীস সফর করছেন। কোনো ইসরাইলী প্রেসিডেন্টের এটাই প্রথম গ্রীস সফর। উভয় দেশই তাদের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এই সফরকে একটি যুগান্তকারী ঘটনা বলে মনে করছেন।
প্রেসিডেন্ট প্যপোলিয়াস ইসরাইলী প্রেসিডেন্ট কাটসাভের সাথে আলোচনায় ইসরাইল-ফিলিস্তিনের শািন্তপূর্ণ সহাবস্থানের উপর গুরুত্ব দিয়ে বলেন ফিলিস্তিনের এই নির্বাচন সুস্পষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি হামাসকে পরিবর্তিত অবস্থা অনুধাবন করে ইউরোপীয় ইউনিয়নের সকল শর্ত মেনে নিতে হামাসকে অনুরোধ জানিয়ে বলেন, হামাসের উচিৎ ইসরাইলকে স্বীকার করে সন্ত্রাসের পথ থেকে সরে আসা এবং গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করা।
