গুয়ানতানামো বে’র কারাবন্দীরা নির্যাতিত হচ্ছেন, জাতিসংঘের খসড়া রিপোর্ট প্রকাশ
গুয়ানতানামো বে তে কারাবন্দীরা নির্যাতিত হচ্ছেন এবং এ ধরনের অত্যাচার আন্তর্জাতিক আইনের পরিপন্থী, জাতিসংঘের ফাঁস হয়ে যাওয়া একটি খসড়া রিপোর্টে এ তথ্য প্রকাশ পেয়েছে।
লস এ্যাঞ্জেলস টাইমে প্রকাশিত রিপোর্টে পরিদর্শকরা অনতিবিলম্বে বন্দীশালাটি বন্ধের দাবি জানিয়েছেন। এই কারাগারটির অবস্থান এবং বন্দীদের শত্রুপক্ষীয় যোদ্ধার শ্রেণীভুক্ত করা ঠিক কতটা যুক্তিযুক্ত তাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে পরিদর্শক দলটি।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্টটিকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে।
সোমবার রির্পোটটি প্রকাশ হওয়ার পর লস এ্যাঞ্জেলস এর পক্ষ থেকে জাতিসংঘের বিশেষ দলের প্রতিনিধি ম্যানফ্রেড নোভাকের সাক্ষাৎকার নেয়া হয়। জাতিসংঘ সনদে নির্যাতনের যে সংজ্ঞা রয়েছে সে মতে বন্দীদের প্রতি আচরণ সম্পূর্ণভাবে আইনবিরোধী।
অনশনকারী বন্দীদের নাক দিয়ে জোর করে খাবার ঢোকানো, দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা, অতিরিক্ত তাপমাত্রা, শব্দ এবং আলো প্রয়োগ করে জিজ্ঞাসাবাদ করা সহ আরো বিভিন্ন উপায়ে বন্দীদের নির্যাতন করা হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ।
