২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী শুরু করেছে

ইরানের পারমাণবিক কর্মসূচী নতুন করে শুরুর প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আহমেদিনেযাদ তেহরানের পরিকল্পনার পথে যে কোন ধরনের বাধা প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 09:19 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জাতিসংঘের একজন দূত বলেছেন, ইউরেনিয়াম গ্যাসকে সেন্ট্রিফিউজ করার কাজ শুরু হয়েছে। পারমাণবিক বোমা তৈরীর ক্ষেত্রে এটি হচ্ছে প্রথম পদক্ষেপ।

জাতিসংঘ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ন’দিন আগে নিরাপত্তা পরিষদে রিপোর্ট পেশ করার পর ইরান এ ব্যাপারে তাদের পূর্বের অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে এ সপ্তাহে রাশিয়ার সাথে নির্ধারিত বৈঠক স্থগিত করেছে ইরান। রশিয়ার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে আলোচনায় বসার কথা ছিল দেশ দু’টির।

মঙ্গলবার আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার নেতৃবৃন্দের ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তিসংস্থার কর্মরত পরিদর্শকদল বলছেন তাঁরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লক্ষ্যে অল্পসংখ্যক সেন্ট্রিফিউজে হেক্সাফ্লুরাইড গ্যাস প্রবেশ করাতে দেখেছেন।

ইরান অবশ্য বলছে তারা এসবই করছে শক্তি উৎপাদনের লক্ষ্যে, কিন্তু পশ্চিমাদেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরীই ইরানের মূল লক্ষ্য বলে দাবি করছে।

তবে ইরান আগামী এপ্রিল নাগাদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করবে বলে জানিয়েছে, যদিও এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা সম্ভব হয়নি।

মার্চে আণবিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় সে সম্পর্কে আবারো সভায় মিলিত হবেন।

তবে কফি আনান আশা প্রকাশ করে বলেছেন বিশ্ব এ ব্যাপারে এমন কোন সিদ্ধান্ত নেবে না যা পরিস্থিতি কে আরও জটিল করে তোলে।