পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২২
াকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হানগু শহরে বৃহস্পতিবার শিয়া মুসলিমদের আশুরার মিছিলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও বহু আহত হয়েছে।
আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের মিছিলে এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত কেউ দায়িত্ব স্বীকার করেনি।
আত্মঘাতী হামলার প্রতিবাদে শহরে ধর্মপ্রাণ মুসুল্লিরা গাড়ি ও দোকানপাট ভাংচুর করতে শুরু করায় কারফিউ বজায় রাখতে সেখানে সেনাবাহিনী পাঠানো হয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহরের প্রধান শিয়া মসজিদ থেকে শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান আশুরা উপলক্ষে মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় একটি বাজারে আসলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রধান আইয়ুব খান সাংবাদিকদের জানান, রিমোট কন্ট্রোলের সহায়তায় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমাদের প্রথমে মনে হয়েছিল। তবে এখন এটাকে আত্মঘাতী বোমা হামলা বলে মনে হচ্ছে।
আত্মঘাতী হামলার সময় মুসুল্লিদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
শিয়া নেতা মাওলানা খুরশিদ আনোয়ান জানান, মিছিলকারীদের উদ্দেশে তিনি বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
