কম পরিমানে চর্বিজাতীয় খাদ্য গ্রহণে ক্যান্সারের ঝুঁকি কমে না
বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বেশি বয়সে কম পরিমানে চর্বিজাতীয় খাদ্য গ্রহণ তাদের ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পারেনা বলে গবেষকরা জানিয়েছেন।
যুক্তরাস্ট্রে সরকারীভাবে ৪৮,৮৩৫ জন বয়স্ক মহিলার উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলেছেন, তাদের এই আবিস্কার অনেকের জন্য হতাশাজনক হলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিবর্তন করে বেশি বেশি চর্বিজাতীয় খাদ্য গ্রহণ করার কোন প্রয়োজন নেই।
বিজ্ঞানীরা তাদের এই দীর্ঘ গবেষণায় দেখেছেন ষাটের উর্ধ্ব বেশিরভাগ মহিলা স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস শুরু করেন অনেক দেরিতে। এর পরেও তারা প্রয়োজনের অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ করে থাকেন। ফলে তাদের শরীরের ওজন অতিরিক্ত বেড়ে যায় এবং ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়।
হার্ভার্ড ব্রিগহ্যাম এন্ড ওমেনস হসপিটাল-এর প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের প্রধান ডঃ জোয়ান ম্যানসন বলেছেন, তাদের এই গবেষণালব্ধ ফলাফলের মানে এই নয় যে বয়স্ক মহিলারা কোন যাচাই-বাছাই ছাড়াই খাদ্য গ্রহণ করতে পারবে এবং তাদের কোন স্বাস্থ্য সমস্যা হবেনা।
আট বছরের এই দীর্ঘ গবেষণায় দেখা গেছে যে সব মহিলারা কম চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করেন তাদের স্তনের ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার এবং হৃদরোগের যে পরিমান ঝুঁকি থাকে সেই একই পরিমান ঝুঁকি থাকে বেশি চর্বিযুক্ত খাদ্য গ্রহণকারী মহিলাদের মধ্যে।
৪১৫ মিলিয়ন ডলার ব্যয়ে এই গবেষণায় আশাপ্রদ কিছু ফলাফলও পাওয়া গিয়েছে। দেখা গেছে যেসব মহিলা খুবই কম চর্বিজাতীয় খাদ্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রে স্তনের ক্যান্সার ও হৃদরোগ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
হৃদরোগ এবং ক্যান্সার বিশেষজ্ঞরা গবেষণার এই ফলাফলে খুব একটা বিস্মিত নন কেননা আট বছর আগে গবেষণাটি শুরুর সময় চর্বিজাতীয় খাদ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে যে ধারণা ছিল তা এখন অনেক পাল্টে গেছে। ভাল বা মন্দ চর্বিজাতীয় খাদ্য কিংবা হৃদরোগ-সবক্ষেত্রেই বৈজ্ঞানিক ধারণার অনেক পরিবর্তন হয়েছে।
