সোমালিয়ার যৌথবাহিনীর সঙ্গে ইসলামপন্থীদের তুমুল লড়াই
সোমালিয়ায় ইথিওপিয়া ও অন্তর্বর্তী সরকার সমর্থিত যৌথবাহিনীর সঙ্গে ইসলামি কোর্টস কাউন্সিল যোদ্ধাদের তুমুল লড়াই শুরু হয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের এক মুখপাত্র এ খবর জানান।
আবদুর রশিদ নামে ওই মুখপাত্র রয়টার্সকে টেলিফোনে বলেন, “ইসলামি কোর্ট কাউন্সিলের যোদ্ধারা রাজধানী ছেড়ে যে এলাকায় আশ্রয় নিয়েছে সেখানে রোববার যৌথবাহিনী অভিযান শুরু করলে তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। জিলিব ও বুয়ালে এলাকায় যুদ্ধ চলছে।”
বুলোবাল এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, সেখানেও যুদ্ধ শুরু হয়েছে। মর্টার ও রকেট হামলা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, “বাড়ি ঘরেও বেশ কয়েকটি গোলা পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা আমি নিশ্চিত নই।”
এদিকে যুদ্ধের আশঙ্কায় সেসব এলাকার বেশিরভাগ লোকজন আগেই এলাকা ছাড়েন। যারা আছেন তারাও ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
