মৃত্যু থেকে আমি এখনো বহুদূরে: কাস্ত্রো
অসুস্থতা সত্ত্বেও তার ওপর আস্থা না হারানোর জন্য কিউবার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ফিদেল কাস্ত্রো। ইংরেজি নববর্ষ উপলক্ষে শনিবার কিউবানদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠান ৮০ বছর বয়সী এ কমিউনিস্ট নেতা। ধীরে ধীরে হলেও তার স্বাস্থ্যের উন্নতি ঘটছে বলেও জানান তিনি।
কিউবা রেডিওতে প্রচারিত ওই শুভেচ্ছা বার্তায় ফিদেল কাস্ত্রো বলেন, “আমি সব সময়ই বলে এসেছি, আমার অসুস্থতা সারতে সময় লাগবে। তবে মৃত্যু থেকে এখনো বহুদূরে রয়েছি আমি।”
অসুস্থতার সময়কালে চলমান ঘটনা প্রবাহ থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন না বলে জানান কাস্ত্রো। তিনি বলেন, “বিভিন্ন বিষয় নিয়ে সহযোগীদের সঙ্গে প্রায়ই আমার আলাপ হত।”
গত জুলাই মাসে অস্ত্রোপচারের পর আর জনসমক্ষে দেখা যায়নি কিউবার প্রেসিডেন্টকে। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন ভাই রাউল। এক সময় গুজব ছড়িয়ে পড়ে কাস্ত্রো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে সম্প্রতি স্পেনিশ চিকিৎসক লুইস গার্সিয়া সাবরিডো জানান, ক্যাস্ত্রোর ক্যান্সার হয়নি, শিগগিরই তিনি সুস্থ হয়ে যাবেন।
