বেশি বয়সে মা হওয়ার রেকর্ড
৬৭ বছর বয়সে দুই জমজ সন্তানের জন্ম দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশী বয়সের মা হলেন এক স্প্যানিশ মহিলা। বার্সিলনার একটি হাসপাতাল এ খবর দিয়েছে।
ডে লা সান্তা ক্রু আই সান পাও হাসপাতালের এক মুখপাত্র রয়টার্সকে জানান, স্প্যানিশ মহিলাটি ল্যাটিন আমেরিকায় আইভিএফ চিকিৎসা গ্রহণের পর গর্ভবতী হন। সিজারিয়ানের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। শিশুদের একটি ইনকিউবিটরে রাখা হলেও তারা ভাল আছে। মায়ের অবস্থাও ভাল।
হাসপাতাল সূত্র মহিলাটির পরিচয় এবং শিশু দুটি ছেলে না মেয়ে তা জানাতে অপারগতা জানায়। তারা শুধু জানায় মহিলাটি দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া এলাকার অধিবাসী। মা ও শিশু দুটিকে আরও চার-পাঁচ দিন হাসপাতালে রাখা হবে।
এর আগে, ২০০৫ সালে একটি কন্যা শিশু জন্ম দিয়ে সবচেয়ে বেশি বয়সে মা হন রোমানিয়ার আদ্রিয়ানা ইলিস্কু । সে সময় তার বয়স ছিল ৬৬।
