ইন্দোনেশিয়ায় ডুবে যাওয়া জাহাজের দেড় শ’ যাত্রী উদ্ধার
ইন্দোনেশিয়ার জাভা উপকূল থেকে রোববার দুপুর পর্যন্ত দেড় শ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া জাহাজের প্রায় চার শ’ যাত্রীর সন্ধান মেলেনি এখনো। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার রাতে জাভা সাগরে ডুবে যায় ‘সেনপাতি নুসানতারা’ নামে জাহাজটি। ছয় শ’ ২৮ জন যাত্রী নিয়ে জাহাজটি বোর্নিওর কালিমান্তন থেকে জাভার সেমারাং যাচ্ছিল।
বার্তা সংস্থা আনতারা জানায়, রোববার ডুবে যাওয়া জাহাজের ৬৬ যাত্রীর অচেতন দেহ উপকূলের বিভিন্ন স্থানে ভেসে আসে। রেমবাংয়ের পুলিশ কর্মকর্তা ইপতু পিতোয়া জানান, অনেকের দেহ জেলেরা আগে দেখতে পেয়ে উদ্ধারকর্মীদের জানায়। তারা ধারণা করছিল, মানুষগুলো মারা গেছে। তবে উদ্ধারের পর দেখা যায় তারা মারা যাননি। অচেতন হয়ে ছিলেন। তৎক্ষণাৎ তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। এ পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক সুহার্তো জানান, এ নিয়ে জীবিত উদ্ধারককৃত লোকের সংখ্যা ১ শ’ ৫১ এ পৌঁছেছে।
দুর্ঘটনাস্থলে নৌ বাহিনীর তিনটি জাহাজ, ১২টি স্পিডবোট ও বেশ কয়েকটি হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে। সুহার্তো জানান, কমপক্ষে নয়দিন উদ্ধার অভিযান চলবে, তবে প্রয়োজনে সময় সীমা বাড়ানো হতে পারে। তার ধারণা, নিখোঁজ যাত্রীদের অনেকেই হয়তো কোনো না কোনো কূলে ভিড়তে পেরেছেন।
তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করে কোস্টগার্ড কর্মকর্তা সুগেন রাহোরজো বলেন, “আবহাওয়ার যে অবস্থা, সাগরে যে বিশাল ঢেউ, তাতে সে সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে।”
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে বর্ণনা করেছেন শুক্রবার ঘটে যাওয়া সে ভয়াবহ পরিস্থিতির। ওয়ালুইয়ো নামে ৫৩ বছর বয়সী এক জন বলেন, “প্রবল ঢেউয়ে তোড়ে জাহাজটি দুলতে থাকে, আবার বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ জাহাজের সব বাতি নিভে যায়। আতঙ্কগ্রস্ত হয়ে সবাই ছুটোছুটি শুরু করে। সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া শুরু করেন ক্রুরা। তবে জ্যাকেট কম থাকায় সবার ভাগে তা পড়েনি। আমি ভাগ্যবান, একটি জ্যাকেট পেয়েছি।”
ইরফান নামে অপর এক জনের অভিজ্ঞতা ছিল এ রকম, “জাহাজ ভয়ানকভাবে দুলতে শুরু করলে নাবিকরা আমাদের শান্ত থাকতে বললেন। রাত সোয়া এগারোটার দিকে সেটি উল্টে যেতে শুরু করে। তার কিছুক্ষণ পরেই ডুবে যায় জাহাজটি। আমরা ছিটকে পড়ি সাগরে। ভেসে থাকার চেষ্টা করতে থাকি। তারপর আর কিছুই মনে করতে পারছি না।”
রেমবাং উপকূলে স্বজনের খোঁজে ইতোমধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এর মধ্যে অনেকে স্বজনের খোঁজ পেয়ে গেছে। আর অনেকের অপেক্ষার পালা এখনো শেষ হয়নি।
