নিজ গ্রামেই সমাহিত করা হল সাদ্দামকে
শেষ পর্যন্ত জন্মভূমি তিকরিতের মাটিতেই সমাহিত করা হল সাদ্দাম হোসেনকে। আওজায় দুই ছেলের কবরের পাশেই স্থান স্থান হল তার। বাগদাদে দাফনের জন্য চেষ্টা থাকলেও গোত্রের লোকদের দাবির মুখে সরকারকে হার মানতে হয়। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে বিভিন্ন স্থান থেকে তিকরিতে ভিড় জমান ইরাকি সুন্নিরা। তাদের কারো হাতে ছিল ফুল, আবার কারো হাতে ছিল সাদ্দামের ছবি।
বাগদাদ থেকে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে করে তিকরিত নিয়ে যাওয়া হয় সাদ্দামের মরদেহ। প্রথমে নিজের প্রতিষ্ঠিত সাদ্দাম মসজিদে জানাজা হয় তার। এর পরই মরদেহ নেওয়া হয় আওজায়। সেখানে সাদ্দামের গোত্রের লোকেরা গ্রহণ করে মরদেহ। সেখানে পুনর্বার জানাজা শেষে লাশ দাফন করা হয়।
সালাদিন প্রদেশের গভর্নর মোহাম্মদ আল কায়েসি বলেন, স্থানীয় সময় রোববার ভোররাত তিনটার দিকে শুরু হয় দাফনের ক্রিয়া কর্ম। প্রায় ২৫ মিনিটের মধ্যে সম্পন্ন হয় পুরো আনুষ্ঠানিকতা। তিনি নিজেও জানাজায় উপস্থিত ছিলেন। ছিলেন সাদ্দামের গোত্র আবু নাসিরের প্রধান আলী আল-নিদাও। তিনি রয়টার্সকে জানান, সূর্য ওঠার আগেই দাফন সম্পন্ন হয়।
ফাঁসি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সমাহিত করা হল সাদ্দাম হোসেনকে।
পরিবারের একটি সূত্র জানায়, আওজায় ছেলে উদে ও কুশের কবরের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে। ২০০৩ সালে মার্কিন সেনারা তার এই ছেলেদের হত্যা করে।
সূত্র আরো জানায়, পুরো সময়টাতে যুক্তরাষ্ট্রের সেনারা সতর্ক প্রহরায় ছিল।
এদিকে আওজায় সমবেত সুন্নিরা অভিযোগ করেন, সাদ্দাম হোসেনকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। তারা এর প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দেন।
