গাড়িবোমায় বাগদাদে নিহত ২৫
পরপর তিনটি গাড়িবোমা বিস্ফোরণে বাগদাদে শনিবার অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এদিকে কুফায় গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩৬ এ পৌঁছেছে। সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানোর দিনই এ গাড়িবোমা হামলা হয়। তবে এ পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাগদাদের শিয়া অধ্যুষিত হুরিয়া এলাকায় গাড়িবোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। আহত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
সূত্র আরো জানায়, নাজাফের কাছে কুফায় বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩৬ এ গিয়ে ঠেকেছে। ওই হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেওয়া হয় এবং তাতে তার মৃত্যু হয়।
