সাদ্দাম অনুসারীদের মালিকি: রাজনীতিতে যোগ দিন
নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য সাদ্দাম অনুসারী বাথ পার্টি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।
বাগদাদে শনিবার সকালে সাদ্দামের ফাঁসি কার্যকরের কয়েকঘন্টা পর এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, “সাদ্দামের বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে ইরাকে স্বৈরতন্ত্রের দুঃখজনক অধ্যায়ের সমাপ্তি ঘটল এবং স্বৈরতন্ত্র ফিরে আসার পথ রুদ্ধ হল।”
মালিকি বলেন, “নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য সাদ্দাম আমলের নেতাদেরকে আহ্বান জানাচ্ছি আমি। সবার জন্যই দরজা খোলা আছে এবং ইরাক পুনর্গঠনের কাজে অংশ নিয়ে সবাই সহায়তা করতে পারেন।”
তিনি বলেন,“ ৩৫ বছর ধরে ইরাকে চলতে থাকা বৈষম্য আর বিভাজনের রাজনীতির অবসান হয়েছে এবং যুদ্ধ ও দায়িত্বহীন অভিযানের কারণে হাজার হাজার নিষ্পাপ মানুষের রক্তপাতেরও অবসান হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন,“ স্বৈরতন্ত্রের আবর্জনা থেকে নিজেকে মুক্ত করে বিশুদ্ধ হয়েছে আমাদের পবিত্র ভূমি এবং ইতিহাসের ওই কালো পৃষ্ঠাটি উল্টে ফেলা হয়েছে”
আল-মালিকির শিয়া নেতৃত্বাধীন সরকার কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং সাবেক বাথ পার্টি নেতাদেরকে জাতীয় সংহতি পরিকল্পনায় অন্তর্ভূক্ত করার উদ্যোগ নিয়েছে।
