২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় সাদ্দামের ফাঁসি

শনিবার ইরাকি সময় সকাল ৬ টায় (বাংলাদেশ সময় সকাল ৯ টায়) সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 06:04 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে ইরাকের আদালতের কর্মকর্তাদের বাগদাদে ফাঁসি মঞ্চের “গ্রিন জোনে” সাড়ে পাঁচটায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী সাদ্দামের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন।

বিবিসি জানায়, শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ওই বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে শনিবার বাগদাদ সময় ভোর ছয়টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) এই মৃত্যুদণ্ড কার্যকর হবে। সেখানে এও সিদ্ধান্ত হয়েছে, যদি কোনো কারণে শনিবার সকালে ফাঁসি না দেয়া যায় তাহলে ঈদের পরে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে।

এই ফাঁসির আদেশ স্থগিত করতে সাদ্দামের আইজীবিরা যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুক্রবার আপিল করেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি কর্মকর্তা স্পষ্ট করেই জানিয়ে দেন, শনিবারই তার ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচারক ফাঁসি স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের প্রেক্ষিতে বাগদাদে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সারা বিশ্বে আমেরিকান দূতাবাসগুলোতে সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে।

ইরাকের ক্ষমতাচ্যুত ওই সাবেক প্রেসিডেন্টের প্রধান কৌঁসুলি খলিল আল দুলাইমি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সাদ্দামকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। তিনি আরও জানান, তার ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। এ থেকেই ধারণা হয়, তার মৃত্যুদণ্ড সম্ভবত শিগগিরই কার্যকর হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শুক্রবার রাতেও দাবি করে, সাদ্দাম এখনও তাদের হেফাজতে রয়েছেন।

এর আগে ফাঁসি কার্যকর বিষয়ে ইরাকি মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে।

সিকি শতাব্দি আগে ১৯৮০ ’র দশকে ইরাকের দুজাইল নামের একটি গ্রামে শিশুসহ প্রায় ১৪৮ জন শিয়াকে হত্যার দায়ে দেশটির একটি আদালত ৫ নভেম্বর সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়। ২৬ ডিসেম্বর সর্বোচ্চ আদালত পর্যালোচনা শেষে আগের রায়ই বহাল রাখে।

প্রসঙ্গত, ইরাকে ফাঁসির রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তা কার্যকরের বিধান রয়েছে।

সাদ্দামের আইনজীবিরা বলেছেন, শনিবার ভোরে তাঁকে ফাঁসিতে ঝোলানো হতে পারে। উল্লেখ্য শনিবার মধ্যপ্রাচ্যে কোরবানীর ঈদ উদযাপিত হচ্ছে।

একজন শিয়া নেতা জানিয়েছেন টাইগ্রিস নদী তীরে ফাঁসির স্থান “গ্রিন জোন”-এ তিনি সাবেক ওই প্রেসিডেন্টকে দেখেছেন। রাতেই বাগদাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে তার এক আইনজীবী বলেন, “শনিবারই হয়তো ফাঁসিতে ঝুলানো হবে সাদ্দাম হোসেনকে। এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও। বিবিসি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী সাদ্দামের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন, ফাঁসি আর বিলম্বিত করার সুযোগ নেই।”

শত্রুর হাতে মৃত্যুবরণ করে ইরাকের জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা দেওয়ার পর পরিবার পরিজনদের বিদায় জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট।

কারাবন্দি দুই সৎভাই ‘ওয়াতবান’ এবং ‘সাবাওয়ি’র সঙ্গে বৃহষ্পতিবার নিজ কারাকক্ষে বিদায়ী সাক্ষাৎ করেন সাদ্দাম। তিনি অত্যন্ত দৃঢ় মানসিক অবস্থায় আছেন এবং ‘শহাদাৎ বরণের’ প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

প্রধানমন্ত্রী নুরি আল মালিকির উদ্ধৃতি দিয়ে শুক্রবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, “সাদ্দাম হোসেনের সাজা মওকুফ করা হবে শহীদদের সঙ্গে বেঈমানির শামিল। আর আদালত যখন মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তখন তা না মানার কোনো উপায় নেই। সুতরাং রায় পুনর্বিবেচনা কিংবা সাজা মওকুফের প্রশ্নই ওঠে না।”

সাদ্দামের একজন আইনজীবি বলেন, তার মক্কেলকে শিগগির ফাঁসিতে ঝোলানো হতে পারে। নাজিম নাইমি নামের ওই আইনজীবি কাতারের সাবেক বিচার মন্ত্রী ছিলেন।

বিবিসি নিউজ ২৪ কে তিনি বলেন, “আমাদের ধারণা শনিবারের মধ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে, যেটা হবে ইরাকিদের জন্য একটা উপহার। সম্ভবত শনিবার ভোর বেলাতেই তার ফাঁসি হয়ে যেতে পারে.....। আমরা এখন তার মরদেহ নিয়ে কি করবো সে ব্যাপারে কথা বলছি।”

তিনি আরও বলেন, “আমরা চাইছি সাদ্দামের লাশ তার পরিবারের কাছে দিয়ে দিতে, যাতে ইচ্ছে মতো তারা তাকে কবর দিতে পারেন।”

পরস্পর বিরোধী খবর:

তবে সাদ্দামের ফাঁসি কার্যকর বিষয়ে শুক্রবার পরস্পর বিরোধী নানা ধরনের খবর বাজারে ছড়ায়।

ইরাকের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সাদ্দাম আমেরিকার হেফাজতেই রয়েছেন। ২৬ জানুয়ারির আগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও দাবি করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি মন্ত্রী রয়টার্সকে বলেন, “কুর্দি হত্যার দায়ে সাদ্দামের বিরুদ্ধে দ্বিতীয় যে মামলাটি চলছে, তার সুরাহা না হওয়া পর্যন্ত তাঁকে ফাঁসি দেওয়ার সম্ভাবনা নেই।”

অন্য দুই মন্ত্রী বললেন, “কয়েকদিনের মধ্যে তাঁকে ফাঁসিতে ঝোলানোর কোনো সম্ভাবনা নেই। সামনেই ঈদ উৎসব। সুতরাং এর মধ্যে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এ ছাড়া ইরাকের আইন অনুযায়ী ছুটির দিন মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আর ঈদের ছুটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।”

তবে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, রায় কার্যকরে তাদের প্রস্তুতি রয়েছে।

এর আগে বুশ প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “খুব শিগগিরই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এমনকি তা শনিবারই হতে পারে।”