সাদ্দামের ফাঁসির দিন ক্ষণ নিয়ে অনিশ্চয়তা
সাদ্দাম হোসেনের ফাঁসির রায় কবে কার্যকর হবে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তার এক আইনজীবীর ধারণা, শনিবারই হয়তো ফাঁসিতে ঝুলানো হবে সাদ্দাম হোসেনকে।
এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও। ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, রায় কার্যকরে দেরি করা হবে না। এদিকে ইরাকের মন্ত্রিসভার কয়েক জন সদস্য জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে রায় কার্যকরের কোনো সম্ভাবনাই তো নেইই, এটা মাসখানেকও পিছিয়ে যেতে পারে।
সাদ্দাম হেসেন কার হেফাজতে আছেন, তা নিয়েও শুক্রবার বিভ্রান্তির সৃষ্টি হয়। তার এক আইনজীবী দাবি করেন, সাদ্দাম হোসেনকে ইরাকি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে তা অস্বীকার করে সে দেশের বিচার মন্ত্রণালয় জানায়, তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতেই রয়েছেন। বৃহস্পতিবার কারাবন্দি দুই ভাইয়ের সঙ্গে সাদ্দাম হোসেনের সাক্ষাৎ হয় বলে কর্মকর্তারা জানান।
নুরি আল মালিকির উদ্ধৃতি দিয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, “সাদ্দাম হোসেনের সাজা মওকুফ করা হবে শহীদদের সঙ্গে বেঈমানির শামিল। আর আদালত যখন মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তখন তা না মানার কোনো উপায় নেই। সুতরায় রায় পুনর্বিবেচনা কিংবা সাজা মওকুফের প্রশ্নই ওঠে না।”
উচ্চ আদালতে সাদ্দামের আপিল খারিজ হওয়ার পর এই প্রথম মুখ খুললেন ইরাকি প্রধানমন্ত্রী। মালিকি গত মাসে বলেছিলেন, তিনি এ বছরের মধ্যেই সাদ্দাম হোসেনের ফাঁসি দেখতে চান। ওই বক্তব্যের জন্য সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।
খুব সাদ্দাম হোসেনের আইনজীবীদের অন্যতম, কাতারের সাবেক বিচারমন্ত্রী নাজিব নাইমির বিশ্বাস শনিবারই তাকে ফাঁসিতে ঝুলানো হবে। শুক্রবার তিনি আল জাজিরা টিভিকে বলেন, “যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যেহেতু সাদ্দামের নিত্যব্যবহার্য জিনিসপত্র নিয়ে আসার জন্য আইনজীবীদের বলেছেন, তারপর এ নিয়ে আর একটা সন্দেহ থাকে না।”
অপর আইনজীবী খলিল আল-দুলাইমি জানান, সাদ্দামের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। এ থেকেই ধারণা হয়, তার মৃত্যুদণ্ড সম্ভবত শিগগিরই কার্যকর হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তার আরেক আইনজীবী শুক্রবার জানান, সাদ্দাম হোসেনকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর পরপরই ইরাকের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সাদ্দাম হোসেন মার্কিন হেফাজতেই রয়েছেন। ২৬ জানুয়ারির আগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও দাবি করেন ওই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “মৃত্যুদণ্ড কখন হবে না হবে, তা যুক্তরাষ্ট্রের বিষয় নয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি মন্ত্রী রয়টার্সকে বলেন, “কুর্দি হত্যার দায়ে সাদ্দামের বিরুদ্ধে দ্বিতীয় যে মামলাটি চলছে, তার সুরাহা না হওয়া পর্যন্ত সাদ্দামকে ফাঁসিতে ঝুলানোর সম্ভাবনা নেই।”
অপর দুই মন্ত্রী বললেন, “কয়েকদিনের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলানোর কোনো সম্ভাবনা নেই। সামনেই ঈদ উৎসব। সুতরাং এর মাঝে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এ ছাড়া ইরাকের আইন অনুযায়ী ছুটির দিন মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আর ঈদের ছুটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।”
তবে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, রায় কার্যকরে তাদের প্রস্তুতি রয়েছে।
এর আগে বুশ প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “খুব শিগগিরই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এমনকি তা শনিবারই হতে পারে।”
ইরাকের জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা দেওয়ার পর পরিবার পরিজনদেরও বিদায় জানিয়েছেন সাদ্দাম হোসেন। কারাবন্দি দুই সৎভাই ‘ওয়াতবান’ এবং ‘সাবাওয়ি’র সঙ্গে বৃহস্পতিবার নিজ কারাকক্ষে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।
সাদ্দাম তার দুই ভাইয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে তার ‘শাহদাতের’ জন্য প্রস্তুতি নিতে বলেছেন বলে জানান তার আইনজীবী। তিনি বলেন, সাদ্দাম অত্যন্ত দৃঢ় মানসিক অবস্থায় আছে এবং বলেছেন, “জেলে পচে না মরে ‘শহীদী মৃত্যু’ বরণ করতে প্রস্তুত তিনি”।
