সাদ্দামের ফাঁসির রায় কার্যকরে দেরি হবে না: মালিকি
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা কিংবা তা কার্যকরে দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে সাদ্দামের এক আইনজীবীর বিশ্বাস, শনিবারই তার ফাঁসির রায় কার্যকর হবে।
শুক্রবার নুরি আল মালিকির উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, “সাদ্দাম হোসেনের সাজা মওকুফ করা হবে শহীদদের সঙ্গে বেঈমানির শামিল। আর আদালত যখন মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তখন তা না মানার কোনো উপায় নেই। সুতরায় রায় পুনর্বিবেচনা কিংবা সাজা মওকুফের প্রশ্নই ওঠে না।”
উচ্চ আদালতে সাদ্দামের আপিল খারিজ হওয়ার পর এই প্রথম মুখ খুললেন ইরাকি প্রধানমন্ত্রী। এর আগে সাদ্দামের মৃত্যুদণ্ডের রায় কার্যকর নিয়ে ইরাকি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্যে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী মালিকি গত মাসে বলেছিলেন, তিনি এ বছরের মধ্যেই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড চান। ওই বক্তব্যের জন্য সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।
সাদ্দাম হোসেনের আইনজীবীদের অন্যতম কাতারের সাবেক বিচারমন্ত্রী নাজিব নাইমির বিশ্বাস শনিবারই তাকে ফাঁসিতে ঝুলানো হবে। শুক্রবার তিনি আল জাজিরা টিভিকে বলেন, “যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যেহেতু সাদ্দামের নিত্যব্যবহার্য জিনিসপত্র নিয়ে আসার জন্য আইনজীবীদের বলেছেন, তারপর এ নিয়ে আর খুব একটা সন্দেহ থাকে না।”
