দখলদারদের নিশ্চিহ্ন করার হুমকি মোল্লা ওমরের
আফগানিস্তানে ‘দখলদার’ সব বিদেশি সেনাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন শীর্ষ তালেবান নেতা মোল্লা ওমর।
পাকিস্তান ভিত্তিক বার্তা সংস্থা আফগান ইসলামিক প্রেস শুক্রবার এ কথা জানায়। বার্তা সংস্থার কাছে পাঠানো এক বিবৃতিতে মোল্লা ওমর বলেন, “খুব শিগগিরই তালেবান যোদ্ধারা এমন হামলা শুরু করবে, তাতে বিদেশি সৈন্যরা আফগানিস্তানে আর টিকতে পারবে না। আফগানিস্তানে কোনো দখলদার আগেও কখনো টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।”
উর্দুতে লেখা ওই বিবৃতিতে তালেবান নেতা আরো বলেন, “দখলদার বাহিনী এখন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আমি বিশ্বাস করি কোনো মুসলমান এতে বিভ্রান্ত হবেন না। যারা নিজেদের বিকিয়ে দিয়েছেন এক মাত্র তারা ছাড়া।”
আফগানিস্তানে তালেবানরা আবার বিজয়ী হবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করেন মোল্লা ওমর।
ঈদ উল আজহা উপলক্ষে তালেবান নেতা ওই বিবৃতি দেন।
