২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের হেফাজত নিয়ে ধোঁয়াশা

ক্ষমতাচ্যুত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং এ মুহূর্তে তিনি মার্কিন না ইরাকি হেফাজতে রয়েছেন তা নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার তার এক আইনজীবী দাবি করেন, মার্কিন বাহিনীর হেফাজত থেকে ইরাকি সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে সাদ্দাম হোসেনকে। তবে তা অস্বীকার করে ইরাক সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Dec 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সাদ্দামের আইনজীবী খলিল আল-দুলাইমি বলেছেন, সাদ্দামের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

এর পরপরই ইরাকের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সাদ্দাম হোসেন এখনও মার্কিন হেফাজতেই রয়েছেন। ২৬ জানুয়ারির আগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও দাবি করেন ওই মুখপাত্র। ৩০ দিনের মধ্যেই সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কি না, তা নিয়ে ইরাকি ও মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্যে ইতোমধ্যেই এক দফা সংশয় তৈরি হয়।

এর আগে বুশ প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, খুব শিগগিরই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এমনকি তা শনিবারই হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। কিন্তু ইরাকি কর্মকর্তারা বলছেন, ৩০ দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সরকার। পবিত্র হজ্ব উপলক্ষে তা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।

অন্যদিকে, ইরাকের জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা দেওয়ার পর পরিবার পরিজনদের বিদায় জানিয়েছেন সাদ্দাম হোসেন। কারাবন্দি দুই সৎভাই ‘ওয়াতবান’ এবং ‘সাবাওয়ি’র সঙ্গে বৃহস্পতিবার নিজ কারাকক্ষে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

সাদ্দাম তার দুই ভাইয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠিয়ে তার ‘শাহদাতের’ জন্য প্রস্তুতি নিতে বলেছেন বলে জানান তার আইনজীবী। তিনি বলেন, সাদ্দাম অত্যন্ত দৃঢ় মানসিক অবস্থায় আছে এবং বলেছেন, “জেলে পচে না মরে ‘শহীদী মৃত্যু’ বরণ করতে প্রস্তুত তিনি”।