যৌথবাহিনীর দখলে মোগাদিসু
সোমালিয়ার রাজধানী মোগাদিসু এখন ইথিওপিয়া ও অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণাধীন যৌথবাহিনীর দখলে। ইসলামি কোর্ট বাহিনী পশ্চাদপসরণের পর বৃহস্পতিবার তারা শহরের দখল নিয়ে নেয়। গত জুন মাসে সরকারি বাহিনীকে হটিয়ে ইসলামি কোর্ট রাজধানী দখল করেছিল।
যৌথবাহিনী শহরে ঢুকলে জনগণ তাদের স্বাগত জানাতে রাস্তায় নেমে আসে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। অনেক স্থানে লুটতরাজের খবর পাওয়া গেছে। আবার থেমে থেমে গুলির শব্দও শোনা যায়।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাবি মোগাদিসু শত্রুমুক্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, “রাজধানীর আশপাশের এলাকায় অভিযান চালানো হবে। মোগাদিসু জ্বলবে, তা আমরা চাই না।”
অন্তবর্তী সরকারের মুখপাত্র আবদুর রহমান দিনারি বলেন, “ রাজধানীর নিয়ন্ত্রণ আমরা নিয়েছি। শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। ” দেশের প্রায় ৯৫ ভাগ এলাকা এখন তাদের দখলে দাবি করে তিনি বলেন,“ইসলামি কোর্ট বাহিনী দেশের দক্ষিণ দিকে পালিয়ে গেছে।”
তিনি জানান, প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ রাজধানীর উদ্দেশে রওনা হচ্ছেন এবং চলমান পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকারি বাহিনী বৃহস্পতিবার সকালেই সাবেক প্রেসিডেন্টের বাসভবনসহ বেশ কয়েকটি ভবন দখল করে নেয়।
যৌথবাহিনী শহরে ঢুকলে স্থানীয় জনতা তাদের ফুল দিয়ে বরণ করে বলে জানা গেছে। আবদুল কাদের নামে এক জন বলেন, “আমরা খুবই খুশি।” মুকতার আবদি নামে অপর এক ব্যক্তি বলেন, “সরকারের উচিত হবে এখন ফিরে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।”
ইথিওপিয়া মোগাদিসু থেকে বেশ কয়েক জন বিদেশিকে আটক করার দাবি জানিয়েছে। তাদের মধ্যে ব্রিটিশ পাসপোর্টধারীও রয়েছে বলে জানা গেছে।
ইসলামি কোর্ট বাহিনীর এক সদস্য রয়টার্সকে বলেন, “আমরা সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছি, নেতারা সব পালিয়ে গেছেন।” ইসলামি কোর্টের শীর্ষস্থানীয় নেতা শেখ শরিফ আহমেদ বলেন, “ মোগাদিসুতে এখন পুরোপুরি অরাজকতা চলছে।”
এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ইসলামি কোর্ট বাহিনীর এ পশ্চাদপসরণ সাময়িক এবং তারা কৌশল বদলে গেরিলা যুদ্ধে নামতে পারে। আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকারে শেখ শরিফও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, কৌশল হিসেবে আমরা আপাতত রাজধানী ছেড়ে যাচ্ছি।
বুধবার সোমালিয়া থেকে ইথিওপিয়াসহ সব বিদেশি সৈন্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায় আফ্রিকান ইউনিয়ন। সংস্থার চেয়ারম্যান আলফা ওমর বলেন এক বিবৃতিতে বলেন, “দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে সেখানে বিদেশি সব সেনাদের অনতিবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি আমরা।”
শিগগিরই আফ্রিকান ইউনিয়নের একটি প্রতিনিধি দল সোমালিয়া সফরে যাবেন বলে তিনি জানান।
এ প্রসঙ্গে ইথিওপিয়ার তথ্যমন্ত্রী বারহান হাইলু বলেন, “অন্তর্বর্তী সরকারের আহ্বানেই আমাদের সেনারা সোমালিয়ায় গেছে। আমরা আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্যই প্রয়োজনেই অভিযানে নেমেছি। আমরা যুদ্ধ করছি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে, যারা ইথিওপিয়া ও এ অঞ্চলসহ বিশ্ব নিরাপত্তার জন্যই হুমকি।”
তিনি ইসলামপন্থীদের মদদ দেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্র ইরিত্রিয়াকে অভিযুক্ত করেন।
