ইরাকের জন্য নিজেকে উৎসর্গ করলাম: সাদ্দাম
ইরাকের জন্য নিজেকে উৎসর্গ করলাম। এক চিঠিতে সাদ্দাম হোসেন এ কথাই বলেছেন বলে তার আইনজীবীরা বুধবার জানিয়েছেন। পাশাপাশি দখলদার যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্যও তিনি ইরাকিদের প্রতি আহ্বান জানান।
নভেম্বরে দুজাইল গণহত্যার রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পরপরই সাদ্দাম হোসেন চিঠিটি লেখেন বলে আইনজীবীরা জানান। চিঠিটি ইতোমধ্যে একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন সাদ্দাম। গত মঙ্গলবার তার আপিল খারিজ হয়ে যায়। উপরন্তু ৩০ দিনের মধ্যে ফাঁসির রায় কার্যকরের নির্দেশ দেয় আদালত।
চিঠিতে সাদ্দাম হোসেন বলেন, “ আজ আমার মনে কোনো খেদ নেই। শহীদি মৃত্যু নিয়ে প্রশান্ত চিত্তে হাজির হতে পারব আল্লাহর দরবারে।”
যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন। শত্রুরা বিভেদ সৃষ্টির পাঁয়তারা চালাবে। তাই সতর্ক থেকে জিহাদ চালিয়ে যাবেন। আমাদের বিজয় অনিবার্য।”
ইরাক যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের জনগণকে দায়ী না করার জন্যও আহ্বান জানান সাদ্দাম। তিনি বলেন, “ যুক্তরাষ্ট্রের সব জনগণ ইরাকে আগ্রাসন চায়নি। তাই নির্বিচারে সবাইকে ঘৃণা করবেন না। যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, দায়ী তারাই। তাদের দোষ জনগণের ওপর চাপাবেন না।”
এদিকে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর ইরাককে আরো সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে বিশ্লেষকদের ধারণা। সাদ্দাম হোসেনের বাথ পার্টি ইতোমধ্যেই এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে।
ইন্টারনেটে পাঠানো এক বিবৃতিতে দলটি বলেছে, “রায় বাস্তবায়নের পরিণতি হবে ভয়াবহ। এর জন্য যুক্তরাষ্ট্রকেও চরম পরিণতি ভোগ করতে হবে। তাই তাদের উচিৎ হবে না সীমা লঙ্ঘন করা।”
এদিকে প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জানিয়েছেন, তড়িঘড়ি করে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানো কোনো পরিকল্পনা তাদের নেই।
