২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনায় বোরকায় মুখ ঢেকে সোনার দোকানে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

মহিলাদের বোরকা বা অন্য কোন ধরনের কাপড়ে মুখ ঢেকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুনায় জুয়েলারি দোকানে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Dec 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পর পর কয়েকটি বড় ধরনের চুরির ঘটনা ঘটায় জুয়েলারি দোকানদাররা এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে।

গত দুমাসে মহারাষ্ট্রের পুনা’র জুয়েলারি দোকানগুলোতে এক ডজনের বেশি চুরির ঘটনা ঘটেছে। দোকানের নজরদারি ক্যামেরায় রেকর্ডকৃত ঘটনাগুলোর মধ্যে কমপক্ষে তিনটিতে দেখা যায়, চোরের পরনে রয়েছে বোরকা।

মহারাষ্ট্র জুয়েলারি এসোসিয়েশনের প্রধান ফাতেহচাঁন রঙ্কা রয়টার্সকে জানান, “বোরকায় মুখ ঢাকা থাকায় পুলিশ ওই মহিলাদের শনাক্ত করতে পারেনি।”

এ নিষেধাজ্ঞা কোন ধর্মের উপর আঘাত নয় উল্লেখ করে পুনার জুয়েলারি দোকানের মালিকরা জানিয়েছেন, যেসব ক্রেতা দোকানের ক্যামেরার সামনে মুখ থেকে কাপড় সরাতে অস্বীকৃতি জানাবেন, নতুন বছরের প্রথম দিন থেকে তাদের কাছে গহনা বিক্রি না করার অনুমতি দিতে কর্তৃপক্ষের কাছে তারা লিখিত আবেদন জানিয়েছেন।ূ

তবে এ উদ্যোগের ব্যাপারে ভারতের মুসলমান সম্প্রদায়ের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। মহারাষ্ট্রের মাইনরিটি কমিউনিটি প্যানেলের প্রধান নাসিম সিদ্দিক বলেন, “বোরকা পরে কেউ দোকানে যাবে কিনা এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে মুসলমান মহিলার ইচ্ছার উপর।” তিনি আরও বলেন, “এরপর হয়ত তারা শিখদের দোকানে ঢুকতে নিষেধ করবে এ আশঙ্কায় যে তারা হয়তো পাগড়ির নিচে পিস্তল লুকিয়ে রেখেছে।”

তবে ইমামদের একটি কাউন্সিল জানিয়েছে, ব্যবসা রক্ষা করার অধিকার রয়েছে জুয়েলারি মালিকদের। অল-ইন্ডিয়া উলামা কাউন্সিলের সচিব মওলানা জহির আব্বাস রিজভি বলেন, “দোকান মালিকরা বেশ কিছুদিন ধরে ক্ষতির শিকার হচ্ছে। আর বড় কথা হল তারা শুধু বোরকা নয় বরং মুখ ঢেকে রাখে এমন যেকোন ধরনের পোশাকের কথাই বলেছে।”

প্রসঙ্গত, শুধু মুসলমান মহিলা নয়, হিন্দু প্রধান ভারতে অন্য সম্প্রদায়ের অনেকেই পর্দা করে থাকে।