২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিসু ঘিরে ফেলেছে যৌথবাহিনী

সোমালিয়ার রাজধানী মোগাদিসু ঘিরে ফেলেছে ইথিওপীয় ও অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রিত যৌথবাহিনী। তবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে তারা এখনি হামলা করছে না। বরং ইসলামি কোর্ট সমর্থিত সেনাদের আত্ম সমর্পণের আহ্বান জানাবে তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Dec 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এদিকে কৌশল হিসেবে মোগাদিসু থেকে পশ্চাদপসরণের ঘোষণা দিয়েছে ইসলামি কোর্ট।

আদ্দিস আবাবায় সোমালীয় রাষ্ট্রদূত আবদিকারিন ফাতাহ বুধবার সাংবাদিকদের বলেন, “যৌথবাহিনী মোগাদিসুর ৩০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানী দখলে এখনি হামলা চালানো হবে না। বরং আমরা ইসলামি কোর্টকে আহ্বান জানাব আত্ম সমর্পণের জন্য। তার আগ পর্যন্ত মোগাদিসু অবরুদ্ধ করে রাখা হবে।”

যৌথবাহিনী ইতোমধ্যে রাজধানীর কাছের শহর বালাদ ও জহর দখল করে নিয়েছে। ইথিওপিয়ার ট্যাংকগুলো শহর দুটিতে ঢুকলে স্থানীয় জনতা তাদের স্বাগত জানায় বলে জানা গেছে।

ইসলামি কোর্ট বৈদেশিক হামলা মোকাবেলায় সোমালিয়ার জনগণকে তাদের সঙ্গে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুদ্ধের কৌশল হিসেবে মোগাদিসু থেকে পশ্চাদপসরণের ঘোষণা দিয়েছেন ইসলামি কোর্ট নেতা শেখ শরিফ আহমেদ।

বৃহস্পতিবার আল জাজিরা টিভিকে সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজধানীতে আমাদের যত নেতা ও যোদ্ধা ছিলেন, তাদের সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা একটা কৌশল মাত্র। আমাদের বাহিনী এখনো ঐক্যবদ্ধ রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোগাদিসুতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ব্যাপক হারে লুটতরাজ চলছে সেখানে। বৃহস্পতিবার থেমে থেমেই গুলির শব্দ শোনা যাচ্ছিল।

এদিকে সোমলিয়া থেকে ইথিওপিয়াসহ সব বিদেশি সৈন্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। সংস্থার চেয়ারম্যান আলফা ওমর বলেন এক বিবৃতিতে বলেন, “দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে সেখানে বিদেশি সব সেনাদের অনতিবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি আমরা।”

শিগগিরই আফ্রিকান ইউনিয়নের একটি প্রতিনিধি দল সোমালিয়া সফরে যাবেন বলে তিনি জানান।

এ প্রসঙ্গে ইথিওপিয়ার তথ্যমন্ত্রী বারহান হাইলু বলেন, “অন্তর্বর্তী সরকারের আহ্বানেই আমাদের সেনারা সোমালিয়ায় গেছে। আমরা আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্যই প্রয়োজনেই অভিযানে নেমেছি। আমরা যুদ্ধ করছি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে, যারা ইথিওপিয়া ও এ অঞ্চলসহ বিশ্ব নিরাপত্তার জন্যই হুমকি।”

তিনি ইসলামপন্থীদের মদদ দেওয়ার জন্য প্রতিবেশী রাষ্ট্র ইরিত্রিয়াকে অভিযুক্ত করেন।