২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের ইরাক যুদ্ধে সমর্থন ছিল না ফোর্ডের

ইরাকে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার শীর্ষ উপদেষ্টারা ‘বড় ভুল’ করেছেন। এই মত সদ্য প্রয়াত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Dec 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

২০০৪ সালের জুলাইয়ে সাংবাদিক বব উডওয়ার্ডকে তিনি এ কথা বলেন। তবে তার মৃত্যুর আগে এই বক্তব্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

ফোর্ডে গত মঙ্গলবার মারা গেছেন। মৃত্যুর পরদিনই বুধবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার ওয়েব সাইটে উউওয়ার্ডকে দেওয়া সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে । সাক্ষাৎকারে তিনি খোলাখুলিভাবে বলেন, ২০০৩ সালে ইরাক অভিযানকালে দেশটির পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে যতটুকু তথ্য ছিল, তার ভিত্তিতে তিনি কিছুতেই যুদ্ধের সিদ্ধান্ত নিতেন না।

ফোর্ড বলেন, “ইরাক নিয়ে যতটুকু তথ্য জানতাম, আমি প্রেসিডেন্ট থাকলে যুদ্ধ শুরুর হুকুম দিতাম না। বরং আমি নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণ আরোপসহ অন্য উপায় খুঁজে আমাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাতাম।” তিনি বলেন, “রামসফেল্ড, চেনি এবং প্রেসিডেন্ট বুশ ইরাক যুদ্ধ শুরুর যে যৌক্তিকতা দাঁড় করান তা ছিল বড় রকমের ভুল। তারা ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের উপর জোর দিয়েছিলেন। এখন পর্যন্ত আমি প্রকাশ্যে না বললেও দৃঢ়ভাবে বিশ্বাস করি, যুদ্ধ শুরুর যে যুক্তি তারা দাঁড় করান তাতে বড়ধরনের গলদ ছিল।”

উডওয়ার্ড জানান, টেপে রেকর্ড করা চারঘন্টার সাক্ষাৎকারটিতে ফোর্ড বুশ প্রশাসনের ইরাক যুদ্ধ নিয়ে তীব্রভাবে দ্বিমত পোষণ করেন।

প্রসঙ্গত, ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে উডওয়ার্ড ও ওয়াশিংটন পোস্টে তার সহকর্মী কার্ল বার্নস্টাইনের রিপোর্টিং। ওই কেলেঙ্কারির জন্য ১৯৭৪ সালের আগস্টে প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করলে ফোর্ড ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। তিনি শপথ গ্রহণের সময় বলেন, “জাতি দীর্ঘ দুঃস্বপ্নের কবল থেকে মুুক্তি পেল।” পরে তিনি নিক্সনকে ক্ষমা করে দেন।

প্রায় আড়াই বছর ক্ষমতায় থাকার পর ১৯৯৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জিমি কার্টারের কাছে পরাজিত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট উভয় পদেই নির্বাচন ছাড়াই অধিষ্ঠিত হন। নিক্সনের ভাইস প্রেসিডেন্ট স্পাইরো অ্যাগনিউ দুর্নীতির অভিযোগে বিচার এড়াতে পদত্যাগ করলে ফোর্ড ১৯৭৩ সালে ওই পদে নিয়োগপ্রাপ্ত হন।