২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের মৃত্যুদন্ড ইস্যুতে নীরব ইরাকি সরকার

ইরাকের সর্বোচ্চ আদালত ২৭ ডিসেম্বর থেকে ৩০ দিনের মধ্যে সাদ্দাম হোসেনের মৃত্যুদন্ডের রায় কার্যকরের নির্দেশ দিলেও এ বিষয়ে মুখ খুলছে না ইরাকি সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সাদ্দামের মৃত্যুদন্ড কার্যকর করা হলে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কাতেই সরকার চুপচাপ থাকার কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরাকসহ বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ রায়ের খবরে। এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এ রায়ে গভীরভাবে হতাশ হয়েছেন তারা।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাজিম আল নাইমি মনে করেন, চুপচাপ থাকাটাকে একটা কৌশল হিসেবে নিয়েছে সরকার। তিনি বলেন,“তাদের জাতীয় ঐক্য সম্মেলনের ওপর যাতে কোন প্রভাব না পড়ে সেজন্য মৃত্যুদন্ডের বিষয়ে মিডিয়ার প্রচারণাকে স্তিমিত করে দিতেই এ কৌশল নিয়েছে সরকার।”

ইরাকের উচ্চ ট্রাইবুনাল আপিল আদালত মঙ্গলবার মৃত্যুদন্ড কার্যকরের ওই নির্দেশ দেয়। ওই আদালতের প্রধান আরেফ আব্দুল-রাজ্জাক আল-শাহিন বলেছেন, আমরা আমাদের দায়িত্ব শেষ করেছি, বাকীটা সরকারের বিষয়। নির্দিষ্ট মেয়াদের মধ্যে ইচ্ছেমতো দিনক্ষণ বেছে নিতে পারে সরকার। তবে কোনভাবেই এ রায়কে পরিবর্তন করা যাবে না, এমনকি প্রেসিডেন্টও তা পারবেন না বলে দাবি করেছেন তিনি।

মানবাধিকার গ্রুপ এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এ রায়ে ‘গভীর হতাশা’ প্রকাশ করে বলেছে, এ বিচার প্রক্রিয়াটি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ছিল না এবং একটি প্রতারনামূলক বিচার প্রক্রিয়ার শেষে আপিল আদালতের এ রায় দেওয়া হয়েছে।

সাদ্দামের সৎভাই বারজান আল-তিকরিতি এবং সাবেক বিচারক আওয়াদ আল-বানদারের মৃত্যুদন্ডও বহাল রেখেছে ৯ সদস্যের আপিল আদালত। সাবেক ভাইস-প্রেসিডেন্ট তাহা ইয়াসিন রামাদনের যাজ্জীবন কারাদন্ডকে আরো কঠোর করারও সুপারিশ করেছে আদালত।