২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় জাওহার শহর সরকার সমর্থকদের দখলে

ইসলামি মিলিশিয়াদের হাত থেকে বুধবার দক্ষিণাঞ্চলীয় জাওহার শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সোমালিয়ার সরকার সমর্থক বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

প্রত্যক্ষদর্শীরা জানায় শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সাঁজোয়া যানে করে অভিযান চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের সমর্থক বাহিনী। ইথিওপীয় সেনা সমর্থিত এ বাহিনী রাজধানী মোগাদিসুর দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় অধিবাসীরা জানান, ইসলামি মিলিশিয়াদের পরাস্ত করে সরকার সমর্থক বাহিনী শহরে প্রবেশের সময় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। শহরের নিয়ন্ত্রন নিয়ে বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছে সরকারি সেনারা। এসময় তাদেরকে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করতে বাইরে বেরিয়ে আসে মানুষজন।

এর আগে সোমালিয়া সরকারের সমর্থনে এগিয়ে আসা ইথিওপীয় বাহিনী দাবি করে, ইসলামি মিলিশিয়াদের পরাস্ত করার কাজে অনেকদূর এগিয়ে গেছে তারা। এ ঘোষণার কয়েকঘন্টার মধ্যেই জাওহার শহর দখলের ঘটনা ঘটল।

ইথিওপিয়ার এ দাবি এবং জাওহার শহর দখলের পর মোগাদিসুতে একটি সর্বাত্মক আক্রমণ চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসলামি মিলিশিয়াদের হাত থেকে রাজধানী মোগাদিসু মুক্ত করতে সরকার সমর্থক সোমালি বাহিনীর সঙ্গে স্থল সেনা অভিযান এবং সর্বাত্মক বিমান হামলা চালাতে পারে ইথিওপিয়া।

এদিকে, পুরনো শত্রু ইথিওপিয়ার বিরুদ্ধে একটি দীর্ঘকালীন যুদ্ধের প্রস্ততি নেওয়ার জন্য ইসলামি মিলিশিয়াদের প্রতি মঙ্গলবার আহ্বান জানিয়েছেন ‘ইসলামিক কোর্ট’ নেতা শেখ শরীফ আহমেদ। বিভিন্ন ঘাঁটি থেকে রাজধানী মোগাদিসু ও তার আশপাশে জড়ো হওয়ার জন্যও মিলিশিয়াদের আহ্বান জানান তিনি।