আইএইএ’কে সহযোগিতা প্রশ্নে ইরানের পার্লামেন্টে বিল
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) কতখানি সহযোগিতা করা হবে তা সরকারকে নতুন করে ঠিক করার বাধ্যবাধকতা আরোপ করে নতুন বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট। ইরানের ওপর নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বুধবার এই বিল পাশ হয়েছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞার জবাবে পরমাণু ইস্যুতে আরো কঠোর অবস্থান নেওয়া এবং পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে বিলটিতে। পশ্চিমাদের মোকাবেলায় প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রতি পার্লামেন্টের সমর্থন প্রকাশের জন্যই এ বিলটি পাস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পার্লামেন্টের স্পিকার গোলামালি হাদ্দাদাদেল বলেছেন, “আইএইএ’র সঙ্গে সহযোগিতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে এ বিলের মাধ্যমে।”
তিনি বলেন, “ইরানের পরমাণু কর্মসূচির ভাগ্য পুরোপুরি আইএইএ’র হাতে ছেড়ে না দেওয়া এবং নিষেধাজ্ঞার চাপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি সতর্ক সংকেত এই বিল।”
হাদ্দাদেল বলেন, সরকার চাইলে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি-এনপিটি’র আওতায় রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু ইরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত থাকলে তার প্রতিক্রিয়ায় এনপিটি থেকে বেরিয়ে আসতে পারে ইরান।
বিশ্লেষকরা বলছেন ইরানের রক্ষণশীল পার্লমেন্ট যে পরমাণু ইস্যুতে সরকারকে কট্টর পথ বেছে নিতে বাধ্য করতে পারে, এ বিল তারই ইঙ্গিত বহন করছে।
