সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড মারা গেছেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। স্ত্রী বেটি ফোর্ড এক বিবৃতিতে এই মৃত্যু সংবাদ জানান।
রিচার্ড নিক্সন ওয়াটার গেট কেলেঙ্কারিতে পতিত হলে তিনি হোয়াইট হাউজে প্রবেশ করেন। তিনি শপথ গ্রহণের সময় বলেন, “জাতি দীর্ঘ দুঃস্বপ্নের কবল থেকে মুক্তি পেল।” পরে তিনি নিক্সনকে ক্ষমা করে দেন। বেশ কয়েক বছর ধরে অসুস্থ থাকায় লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি।
ক্যালিফোর্নিয়ার রানচো মিরাজে আইজেনহাওয়ার মেডিকেল সেন্টার বেটি ফোর্ডের বিবৃতিটি প্রকাশ করে। এখানেই তার চিকিৎসা চলছিল। বিবৃতিতে বলা হয়, “আমাদের পুরো পরিবার জেরাল্ড ফোর্ডের মৃত্যুতে শোকাচ্ছন্ন। ঈশ্বর, পরিবার ও দেশের ভালবাসায় তার জীবন পরিপূর্ন ছিল।”
রিপাবলিক দলীয় সাবেক কংগ্রেস সদস্য ফোর্ড প্রায় আড়াই বছর ক্ষমতায় থাকার পর ১৯৯৬ সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জিমি কার্টারের কাছে পরাজিত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট উভয় পদেই নির্বাচন ছাড়াই অধিষ্ঠিত হন। নিক্সনের ভাইস প্রেসিডেন্ট স্পাইরো অ্যাগনিউ দুর্নীতির অভিযোগে বিচার এড়াতে পদত্যাগ করলে ফোর্ড ১৯৭৩ সালে ওই পদে নিয়োগপ্রাপ্ত হন।
নিক্সন ১৯৭৪ সালের আগস্টে পদত্যাগ করলে ফোর্ড প্রেসিডেন্ট হন।
