২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে ৩৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

ইরাকের প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত থাকতে কুয়েতে সাড়ে তিন হাজার সেনা পাঠাতে চায় পেন্টাগন। জানুয়ারির মাঝামাঝি সময়ে এই সেনা পাঠানো হতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানান।

মধ্যপ্রাচ্যে নিয়োজিত শীর্ষ মার্কিন সেনা কমান্ডার জেনারেল জন আবিজাইদ সেনা পাঠানোর এই আবেদন করেন। আবেদনটি এখন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বুধবার তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারেন।

সরকারি এক কর্মকর্তা জানান, ইরাক যুদ্ধে বিকল্প উপায় খুঁজতে গত সপ্তাহে গেটসের বাগদাদ সফরের আগেই আবিজাইদ এ অনুরোধ করেন। বর্তমানে ইরাকে এক লাখ ৩৪ হাজার মার্কিন সেনা রয়েছে। যুদ্ধের কৌশল পরিবর্তনে যে উপায়গুলো বলা হয়েছে তার একটি হল সেনাসংখ্যা আরো ২০ হাজার থেকে ৩০ হাজার বাড়ানো। ইরাকে সেনার সংখ্যা বাড়ানো হলে তা যুক্তিসঙ্গত হবে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন।

অতিরিক্ত এ সেনাদের দায়িত্ব কি হবে-মার্কিন কমান্ডারদের কাছে তা জানতে চাইলে গেটসকে সে ব্যাপারে কিছু ধারনা দেওয়া হয়। তবে তাকে জানানো হয় যে ইরাকে নিযুক্ত মার্কিন জেনারেলরা আশঙ্কা করছেন অতিরিক্ত সেনারা নিরাপত্তার দায়িত্ব নিতে ইরাকিদের হয়তো আরো দেরি করাবে।

পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান বলেন,“যে কোন সময় সেনাবাহিনীকে শক্তিশালী করার কথা চিন্তা করলে জনগনের উপর এর প্রভাব চিন্তা করা উচিত।”

গেটস সেনা সদস্য মোতায়েনের বিষয়টি অনুমোদন দিয়েছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন বুধবারে এ ঘোষণা দেওয়া হতে পারে।