সোমালিয়া ইস্যুতে একমত হতে পারেনি জাতিসংঘ
নিরাপত্তা পরিষদের কাছে সোমালিয়ায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবী জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রাঙ্কোজ লোনসেনি ফল।
শিগগিরই সোমালিয়ায় যুদ্ধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তা ‘হর্ন অব আফ্রিকা’র দেশগুলোতে বড় ধরনের সীমান্ত সংঘাত ও রাজনৈতিক সংকট সৃষ্টি করবে-মঙ্গলবার যুদ্ধ বন্ধের দাবী জানিয়ে একথা বলেন তিনি।
জাতিসংঘের বিদায়ী মহাসচিব কফি আনানের বিশেষ দূত লোনসেনি আরো বলেন, “সোমালিয়ার অন্তর্বর্তী সরকার এবং ইসলামি মিলিশিয়াদের মধ্যে রাজনৈতিক সমঝোতায় ব্যর্থতা দেশটির সাধারণ জনগণের জীবনে বিপর্যয় ডেকে আনবে। সাথে গোটা অঞ্চলের জন্য বয়ে আনবে ভয়াবহ পরিণতি।”
এদিকে, একমাত্র আরব দেশ কাতার ভেটো দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি অস্থায়ী সদস্য দেশ সোমালিয়ায় যুদ্ধ বন্ধে মতৈক্যে পৌঁছাতে পারেনি।
সোমালিয়া থেকে ইথিওপিয়া ও অন্যান্য দেশের সেনাবাহিনী অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে এই দাবী জানিয়ে ভেটো প্রদান করেছে কাতার।
বাকি ১৪টি দেশ অবশ্য সোমালিয়ায় অবৈধভাবে মোতায়েন বাহিনী প্রত্যাহারে একমত হলেও দেশটির অন্তর্বর্তী সরকারকে সমর্থনদানকারী ইথিওপিয়ার সেনাবাহিনী প্রত্যাহারে সম্মত হয়নি।
বুধবার দুপুরে সাধারণ পরিষদের অস্থায়ী সদস্যরা সোমালিয়া ইস্যুতে আবারো আলোচনায় বসবেন বলে জানা গেছে।
অন্যদিকে, সোমালিয়া ইস্যুতে বুধবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক বৈঠকে বসতে যাচ্ছে আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন এবং আঞ্চলিক উন্নয়ন বিষয়ক আন্ত-সরকার কর্তৃপক্ষ (রিজিওনাল ইন্টার গভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্ট)।
