৩০ দিনের মধ্যে সাদ্দামের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের নির্দেশ
সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের রায় ৩০ দিনের মধ্যে কার্যকরের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। দুজাইল গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সাদ্দামের আপিল মঙ্গলবার উচ্চ আদালত খারিজ করে দেয়।
আদালতের বিচারক আরেফ আবদুল রাজ্জাক আল শাহিন সংবাদ সম্মেলনে জানান, সাদ্দাম হোসেনের আপিল আবেদন খারিজ করে ৩০ দিনের মধ্যে রায় কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আদালত মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে। এখন সরকারের ওপর নির্ভর করছে কখন তা বাস্তবায়ন হবে। কালও করতে পারে, আবার ২৯ দিন পরও করতে পারে। তবে ৩০ দিনের মধ্যে অবশ্যই রায় কার্যকর করতে হবে।”
এর আগে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়াফ্ফাক আল রাবি আপিল আবেদন খারিজ হওয়ার কথা জানান।
আদালতের মুখপাত্র রাইদ জুহিও তখন তা স্বীকার করেন।
১৯৮২ সালে সংঘটিত ওই গণহত্যার দায়ে গত ৫ নভেম্বর আদালত সাদ্দাম হোসেন, তার সৎভাই বারজান আল তিকরিতি ও সাবেক বিচারক আওয়াদ আল বন্দরকে মৃত্যুদণ্ড দেয়।
ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এর আগে জানিয়েছিলেন, তিনি এবছরের মধ্যেই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চান। এ বক্তব্যের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয় মালিকিকে।
