২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় পাইপলাইন বিস্ফোরণে নিহত ৫ শ’

নাইজেরিয়ায় তেলের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ’ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির লাগোসে এ বিস্ফোরণ ঘটে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Dec 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুলে এগবা নামে স্থানে রাতে চোররা পাইপলাইন কেটে দেয়। কাটা লাইন থেকে তেল নেওয়ার জন্য সকালে সেখানে হাজার খানেক লোক যখন হুড়োহুড়ি করছিলেন, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। নিহতদের প্রায় সবাই জীবন্তদগ্ধ হয়।

স্থানীয় রেডক্রস মহাসচিব আবিওদান ওরেমিই বলেন, “এলাকাটি ঘনবসতিপূর্ণ। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। আমরা দু’শ’ লাশ উদ্ধার করেছি। গুরুতর আহত বহু লোককে হাসপাতালে পাঠানো হয়েছে।” তার ধারণা, মৃতের সংখ্যা পাঁচ শ’ এ গিয়ে ঠেকবে।

রেডক্রসের অপর এক কর্মী বলেন, “আগুনে বেশিরভাগের দেহ পুরোপুরি ঝলসে গেছে। অনেকে আবার পুরোপুরি ছাই হয়ে গেছেন। কারো হাত নেই, কারো আবার পা নেই। ভীষণ রকমের বিভৎস দৃশ্যের অবতারণা হয় সেখানে।”

ঘটনার পরপরই হতাহতদের স্বজনরা ছুটে আসে। ওলে নামে এক নারী আহাজারি করছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “সকালে এক বন্ধু এসে স্বামীকে বলে, চল তেল নিয়ে আসি। সঙ্গে সঙ্গে সে দুটি বালতি নিয়ে তার সঙ্গে চলে যায়। সেটাই যে তার শেষ যাওয়া তা আগে বুঝিনি।”

রয়টার্সের আলোকচিত্রী আকিনটুন্ডা আকিনলেই জানান, তিনি ঘটনাস্থলে কয়েক শ’ লাশ দেখেছেন। তিনি বলেন, “অনেক দেহ এমনভাবে পুড়েছে যে চেনার কোনো উপায় নেই।”

এ বছরের মে মাসে একই ধরনের বিস্ফোরণে নাইজেরিয়ায় দু’শ’ লোক নিহত হয়।