সোমালিয়ায় বিমান হামলা চলছেই
সোমালিয়ায় ইসলামি কোর্ট নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইথিওপিয়া। সোমবার রাতে বুর হাকাবা শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে দুটি জেট বিমান। আর এরই ফাঁকে মধ্যরাতে শহরটি পুনর্দখল করে নেয় অন্তর্বর্তী সরকার।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ বাহিনী শহরটি পুনর্দখলে অভিযানে নামে। আর আকাশ থেকে বোমা ছুড়ে তাদের সহায়তা দেয় ইথিওপীয় বিমানগুলো।
ইসলামি কোর্টের এক সদস্য জানান, “বোমাবর্ষণের শেষ ত্রিশ মিনিট ছিল ভয়াবহ। সে সময় আমাদের তিন সদস্য নিহত হন।” হামলায় আরো চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
কয়েক মাস আগে ইসলামি কোর্ট রাজধানী মোগাদিসু দখল করে নিলে অন্তর্বর্তী সরকারের সমর্থনে এগিয়ে আসে ইথিওপিয়াসহ আফ্রিকান ইউনিয়ন। সরকারের সমর্থনে ইথিওপিয়া সৈন্য পাঠায় সোমালিয়ায়।
গত শনিবার ইথিওপিয়ার বিরুদ্ধে জিহাদের ডাক দেয় ইসলামি কোর্ট। ইথিওপিয়া সৈন্য প্রত্যাহার না করলে আদ্দিস আবাবায় হামলারও হুমকি দেয় তারা।
রোববার থেকে ইথিওপিয়া বিমান হামলা শুরু করে। সোমবার মোগাদিসু বিমানবন্দরেও হামলা হয়।
