বাগদাদে বিস্ফোরণে নিহত ২০
বাগদাদে মঙ্গলবার বিস্ফোরণে কমপক্ষে ২০ ইরাকি এবং যুক্তরাষ্ট্রের তিন সৈন্য নিহত হয়েছেন। এদিকে বন্দুকধারীরা বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে অপহরণ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র জানায়, বাগদাদের দক্ষিণ পশ্চিমের শিয়া অধ্যুষিত বায়া জেলায় পরপর তিনটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৪ জন মারা যায়। আহত হয় অনেকে। বিস্ফোরণে অনেকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। ব্যস্ততম বাজার এলাকায় ওই বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। টেলিভিশনের ছবিতে দেখা যায়, পুরো এলাকায় ফল মূলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তায় চাপ চাপ রক্তের মধ্যেই উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
মধ্য বাগদাদের বাব আল শারজি মার্কেটে বোমা বিস্ফোরণে পাঁচ জন নিহত ও অপর ১৩ জন আহত হন। এছাড়া পৃথক বিস্ফোরণে শেখ ওমর জেলায় নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ওই বিস্ফোরণে নয় জন আহত হন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
ইরাকের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এক কর্মকর্তাকে অপহৃত হয়েছেন। বাগদাদ আন্তর্জাতিক মেলা কমিটির পরিচালক আহমেদ সালেহকে অজ্ঞাত বন্দুকধারীরা গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। তিনি পশ্চিম বাগদাদের আমিরিয়ায় তার বাসা থেকে বেরিয়ে অফিসে যাচ্ছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্র বাহিনী জানিয়েছে, রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে মঙ্গলবার টহলরত তিন সৈন্য নিহত হয়েছেন। আহত হন এক জন। হতাহতরা এর আগে ওই এলাকায় পেতে রাখা বেশ কয়েকটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছিল বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়।
