নবীন প্রবীণের সেতুবন্ধন গড়ার আহ্বান জানালেন রানি এলিজাবেথ
বড়দিনের শুভেচ্ছা বার্তায় নবীন ও প্রবীণের মেল বন্ধন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রানি এলিজাবেথ।
তিনি বলেন, “প্রবীণের আছে প্রাজ্ঞতা আর নবীনের উদ্যম, এ দুই মিলিয়েই সভ্যতা এগিয়ে যায়। ধর্মের ক্ষেত্রেও এটা সত্যি। তাই এ দুইয়ের সেতুবন্ধন ঘটাতে হবে। দুই প্রজন্মের ভুল বোঝাবুঝির কারণে পরিবারে যেমন অশ্রু ঝরে, সমাজ জীবনেও তার বিরূপ প্রভাব পড়ে।”
প্রবীণদের উদ্দেশে রানি বলেন, “আপনারা অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে সমৃদ্ধ করুন নবীনদের। তাদের পথ দেখান। ভালো মন্দ বিচার করা শেখান। তাদের মধ্যে প্রবীণের ওপর শ্রদ্ধাবোধ তৈরি করতে সচেষ্ট হোন।”
তিনি বলেন, “বহুমাত্রিক এ সমাজ কাঠামোয় বয়স খুবই গুরুত্বপূর্ণ, আর গড় আয়ু বেড়ে যাওয়ায় সে গুরুত্ব দিনদিনই বাড়ছে। আজ প্রযুক্তি নির্ভর ও নিয়ত পরিবর্তনশীল সমাজে একটি শিশুর জন্ম হয়, সে বেড়ে ওঠে। এর মধ্য দিয়ে কিন্তু দুই প্রজন্মের বিভেদ তৈরির বীজ থাকে। তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। পরস্পরের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে হবে।”
৮০ বছর বয়সী রানির বড়দিনের বার্তা এই প্রথমবারের মতো আইপডের মাধ্যমেও সবার কাছে পৌঁছনোর ব্যবস্থা নেওয়া হয়।
